ঘাটাইলে ঋণের বোঝা সইতে না পেরে আত্মহত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ঋণের বোঝা সইতে না পেরে আবদুস সামাদ (৬৫) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। উপজেলার রসুলপুর ইউনিয়নের মোমিনপুর গ্রামে গত শনিবার এ ঘটনা ঘটে। তিনি চারটি বেসরকারি সংস্থা (এনজিও) থেকে পাঁচ দফায় ৮১ হাজার টাকা ঋণ তুলেছিলেন। পারিবারিক সূত্র ও এলাকাবাসী জানায়, ভূমিহীন দিনমজুর সামাদকে সপ্তাহে কিস্তি দিতে হয় এক হাজার ৮০০ টাকা। সামাদের সাপ্তাহিক কিস্তি শুরু হয় রোববার থেকে। শুক্রবার গভীর রাত পর্যন্ত তিনি শেষ সম্বল ছয় শতাংশ বাড়ি বিক্রি করে কিস্তির টাকা জোগাড়ের চেষ্টা করেন। কিন্তু কেউ তাঁর বাড়ি কিনতে রাজি না হওয়ায় সব চেষ্টা ব্যর্থ হয়ে যায়। আর কোনো উপায় না দেখে শনিবার ভোরে তিনি বিষপান করেন। সামাদকে মুমূর্ষু অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে গতকাল রোববার সকালে তিনি মারা যান।আবদুস সামাদের ছোট ছেলে আজমত আলী বলেন, ‘তাঁর বাবা ব্র্যাক, সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস), সেবা সংগঠন ও সেতু নামের চারটি এনজিও থেকে মোট ৮১ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। গত সপ্তাহে ঠিকমতো কিস্তি দিতে না পারায় স্যারেরা বকাঝকা ও ভয়ভীতি দেখান। গতকাল (রোববার) গত সপ্তাহের বকেয়াসহ চলতি সপ্তাহের কিস্তির তারিখ ছিল। টাকা জোগাড় না হওয়ায় তিনি ভীষণ হতাশ হয়ে পড়েন। এ কারণে শনিবার ভোরে সবার অজান্তে তিনি বিষপান করেন।’ আবদুস সামাদের স্ত্রী সখিনা বেগম (৫৫) বলেন, ‘বুড়া মইরা বাঁচল। কিন্তু আমার ঘাড়ে ঋণের বোঝা দিয়া গেল।’