ঘাটাইলে গৃহবধূকে হত্যার অভিযোগ স্বামী পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের গান্ধী গ্রামে ‘মাদকাসক্ত’ স্বামী শ্বাসরোধ করে স্ত্রী জোসনা বেগমকে (৩৫) হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে। ঘটনার পর থেকেই স্বামী শের আলী পলাতক রয়েছেন।

নিহত নারীর পরিবার ও পুলিশের ভাষ্যমতে, ঘাটাইলের কালিয়ান গ্রামের শের আলীর (৪০) সঙ্গে প্রায় ২০ বছর আগে জোসনার বিয়ে হয়। তাঁদের তিনটি সন্তানও আছে। বিয়ের পর থেকেই শের আলী শ্বশুরবাড়িতে থাকতেন। তিনি মাদকাসক্ত ছিলেন। মাদক সেবন নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে             কলহ হতো। ছয় মাস               আগে শের আলীকে বাড়ি   থেকে বের করে দেন শ্বশুরবাড়ির লোকজন।

স্থানীয় নারী ইউপি সদস্য হাজেরা খাতুন জানান, গত সপ্তাহে সালিস করে দুপক্ষের বিবাদ মীমাংসা করে দেওয়া হয়। তার পর থেকে শের আলী আবার শ্বশুরবাড়িতে থাকতে শুরু করেন। গত বৃহস্পতিবার রাতে জোসনা ও তাঁর স্বামী একই ঘরে ঘুমান। গতকাল সকালে জোসনার মা ঘরে গিয়ে মেয়ের লাশ বিছানায় পড়ে থাকতে দেখেন। এ সময় শের আলী ঘরে ছিলেন না।

জোসনার পরিবারের দাবি, বৃহস্পতিবার গভীর রাতে জোসনাকে শ্বাসরোধে হত্যা করে জামাই পালিয়েছেন।

ঘাটাইল থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুল হক প্রথম আলোকে জানান, নিহত জোসনার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।