ঘাটাইলে গোলা বিস্ফোরণে তিন শিশু আহত
টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাউদ্দিন সেনানিবাসের ফিল্ড ফায়ারিং রেঞ্জে পরিত্যক্ত গোলা (গ্রেনেড) বিস্ফোরণে তিন শিশু আহত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে এই ঘটনা ঘটে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কবির জানান, বগুড়া সেনানিবাসের ১৫ ব্যাটালিয়নের একদল সেনাসদস্য গত সোমবার ফিল্ড ফায়ারিং রেঞ্জে গ্রেনেড ফায়ারিং রাইফেল (জিএফ) থেকে গুলি চালনার অনুশীলন করেন। গতকাল বিকেল তিনটার দিকে পার্শ্ববর্তী ব্রাহ্মণশাসন গ্রামের একদল শিশু ওই ফায়ারিং রেঞ্জ এলাকায় গুলির খোসা ও স্প্লিন্টার কুড়াতে যায়। এ সময় একটি অবিস্ফোরিত গোলা বিস্ফোরিত হয়। এতে ওই এলাকার হাশেম আলীর ছেলে তুষার (১১), নিজামউদ্দিনের ছেলে আশিক (১২) ও ফরিদউদ্দিনের ছেলে রায়হান (১৩) আহত হয়। তিনজনকেই শহীদ সালাউদ্দিন সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত তুষার ও আশিকের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
ফায়ারিং রেঞ্জ এলাকাটি ক্যান্টনমেন্টের বর্ধিত অংশ হওয়ায় সেখানে কোনো সীমানাপ্রাচীর নেই। তাই এই অংশ দিয়ে বেসামরিক লোকজনের অবাধ যাতায়াত রয়েছে।