ঘাটাইলে গোলার বিস্ফোরণে দুই শিশু নিহত, আহত ৬
টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের ফিল্ড ফায়ারিং রেঞ্জের পাশের ধানখেতে গতকাল বৃহস্পতিবার বিকেলে কুড়িয়ে পাওয়া একটি গোলার বিস্ফোরণে দুই শিশু নিহত হয়েছে। আহত হয়েছে ছয়জন।নিহত শিশুরা হলো উপজেলার সাতকোয়া গ্রামের নওশের (১০) ও সুজন (১৩)।প্রত্যক্ষদর্শী গ্রামবাসী সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সেনানিবাসের সংরক্ষিত ফিল্ড ফায়ারিং রেঞ্জের পাশে সাতকোয়া গ্রামের ধানখেত থেকে সুজন ও নওশের একটি অবিস্ফোরিত গোলা কুড়িয়ে পায়। বস্তুটি দেখতে ভিড় জমায় আট-নয়জন ব্যক্তি। কৌতূহলবশত সুজন ও নওশের গোলাটি মাটিতে আঘাত করলে তা বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আহত হয় পাশের কোচক্ষিরা গ্রামের শরিফ (২০), দেলোয়ার (১৩), আলী নূর (১২), মীর আলী (১২), ইসমাইল (২০) ও জুয়েল (৩০)। তাদের ঘাটাইল সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।আইএসপিআরের বক্তব্য: গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের অদূরে অবস্থিত মাধ্যাইয়েরচালা এলাকার সেনা ফিল্ড ফায়ারিং রেঞ্জের নিকটবর্তী স্থানে একটি দুর্ঘটনা ঘটে। জানা যায়, ১০ থেকে ২২ বছর বয়সী আটজন বালক ও যুবক ফায়ার করা গোলার অবশিষ্টাংশ সংগ্রহ করতে গোপনে ফায়ারিং রেঞ্জ এলাকায় যায়। ধাতব পদার্থ সংগ্রহের উদ্দেশ্যে তারা তা পাশের জঙ্গলে গিয়ে ভাঙতে চেষ্টা করে। এতে বিস্ফোরণ ঘটে এবং স্থানীয় সাতকোয়া গ্রামের নওশের ও সুজন নামের দুই বালক মারা যায় এবং ছয়জন আহত হয়। আহতদের দ্রুত ঘাটাইল সিএমএইচে স্থানান্তর করা হয়। তারা বর্তমানে সেখানে চিকিৎসা নিচ্ছে। আইএসপিআরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফায়ারিং রেঞ্জ অত্যন্ত সংরক্ষিত ও বিপজ্জনক এলাকা। এর চারদিকে প্রয়োজনীয় সতর্কতামূলক চিহ্ন স্থাপন করা থাকে। তাছাড়া যেকোনো ফায়ারিংয়ের আগে স্থানীয় থানার পুলিশের উপস্থিতিতে এলাকার জনসাধারণকে সতর্ক করে বারবার মাইকিং করা হয়। এর পরও ওই বালকেরা সামান্য অর্থের লোভে জীবনের ঝুঁকি নিয়ে গোপনে ওই এলাকায় প্রবেশ করে বলে অনুমান করা হয়।আইএসপিআর বলেছে, সেনা প্রশাসনের পক্ষ থেকে নিহত বালকদের দাফন ও আহতদের প্রয়োজনীয় চিকিৎসা এবং অন্যান্য আর্থিক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।