ঘাটাইলে ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন
বৈশাখী মেলায় গিয়ে স্কুলছাত্রী গণধর্ষণের শিকার হওয়ার প্রতিবাদে গতকাল মঙ্গলবার সকালে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা সদরে মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও নাগরিক সমাজ। টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন হয়।
‘মানবতা যেখানে বিপন্ন, মনুষ্যত্ব যেখানে নির্বাসনে, মুক্তি সেখানে অসম্ভব’ এ স্লোগান নিয়ে বিভিন্ন স্কুল-কলেজের কয়েক শ শিক্ষার্থী, কয়েকটি মানবাধিকার সংগঠনসহ সাধারণ জনগণ মানববন্ধনে অংশ নেয়। এ সময় বক্তব্য দেন জিবিজি কলেজের অধ্যক্ষ শামসুল আলম, ঘাটাইল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কানিজ ফাতেমা, ঘাটাইল নাগরিক কমিটির আহ্বায়ক জুলফিকার হায়দার, নারীনেত্রী অধ্যক্ষ জেবুন নেছা প্রমুখ।
প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল ছাত্রীটি বৈশাখী মেলা দেখার জন্য তার মাকে নিয়ে রতনপুর গ্রামে এক আত্মীয়ের বাড়িতে আসে। ঘাটাইল পৌরসভাধীন রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মেলা দেখে বাড়ি ফেরার পথে ১০-১২ জন যুবক ছাত্রীটির গতিরোধ করে রতনপুর ঈদগাহসংলগ্ন মরা খালে নিয়ে তাকে ধর্ষণ করে।