ঘাটাইলে ফের এনথ্রাক্স ৯ ব্যক্তি আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার তেলীপাড়া গলগন্ডা গ্রামে নয় ব্যক্তি এনথ্রাক্স রোগে আক্রান্ত হয়েছে। তারা সবাই একটি অসুস্থ গরু জবাই করে তার মাংস কেটেছিল। গতকাল শুক্রবার সকালে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা সাইফুল মালেক ওই গ্রাম পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।আক্রান্ত ব্যক্তিরা হলো, শাকিল (৯), জাহাঙ্গীর (২৫), নাছির উদ্দীন (২২), রাসেল (২০), আরশেদ (৩৫), ছাবিনা আক্তার (২৮), সেন্টু (১০), সুমাইয়া (৩), হাওয়া বেগম (৬০)। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নেয়। দীর্ঘ ১৩ দিনেও তাদের আক্রান্ত স্থানের কোনো উন্নতি হয়নি। গতকালই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া শুরু করেছেন।স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান গতকাল শুক্রবার রাতে প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা অবগত আছি। আক্রান্তদের চিকিৎস্যার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’ গতকাল তেলীপাড়া গলগন্ডা গ্রামে গিয়ে জানা যায়, গত ২৩ এপ্রিল একই গ্রামের মহিরউদ্দিনের একটি ষাঁড় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তড়িঘড়ি করে তিনি গরুটি জবাই করেন। এর ২৪ ঘণ্টার মধ্যে মাংস কাটা এবং ধোয়ার কাজে অংশগ্রহণকারী নয়জনের হাতে-পায়ে ফোসকা ওঠে ক্ষতের সৃষ্টি হয়। ফোসকার স্থানে প্রচণ্ড চুলকানি এবং ব্যথা শুরু হয়। এর দুই-এক দিনের মধ্যে আক্রান্ত স্থান ফুলে গভীর ক্ষতের সৃষ্টি হয়।হাতে গভীর ক্ষত নিয়ে রাসেল জানান, গরুর মাংস ধরার দুই দিন পর তাঁর হাতে ফোসকা উঠতে থাকে। তারপর শুরু হয় প্রচণ্ড ব্যথা। এরপর ফোসকা গলে দগদগে ঘা হয়ে যায়। গরুর মালিক মহিরউদ্দিন জানান, চামড়া ছাড়ানোর পর গরুর শরীর থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল।চিকিৎসা কর্মকর্তা সাইফুল মালেক আক্রান্ত ব্যক্তিদের ক্ষতস্থান পরীক্ষা করে একে চামড়ার এনথ্রাক্স বলে নিশ্চিত হয়েছেন। প্রথম আলোর সঙ্গে আলাপকালে তিনি বলেন, ভুল চিকিৎসার কারণে এত দিন পরও আক্রান্ত স্থান ভালো হয়নি। ঘাটাইল উপজেলা প্রাণিসম্পদ বিভাগের ভেটেরেনারি সার্জন আবু হানিফ গত বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, এসব ব্যক্তি নিঃসন্দেহে এনথ্রাক্সে আক্রান্ত। গরুর মাধ্যমে যাতে এ রোগ না ছড়ায়, এ জন্য তাঁর দপ্তর থেকে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে গ্রামের আক্রান্ত সব গরুকে এনথ্রাক্স প্রতিষেধক দেওয়া হয়েছে।গত এপ্রিল মাসে উপজেলার গালা গ্রামে অসুস্থ গরুর মাংস কেটে ১১ ব্যক্তি এনথ্রাক্সে আক্রান্ত হয়।