প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল চার কিশোরী। এর মধ্যে টাঙ্গাইলের ঘাটাইলে বাল্যবিবাহ বন্ধ করে বর-কনের পরিবারের কাছ থেকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বাল্যবিবাহ রুখে দেওয়ার অপর তিনটি ঘটনা সাতক্ষীরার।
টাঙ্গাইলের ঘাটাইল থানা-পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার দিগড় ইউনিয়নের একটি গ্রামে শুক্রবার রাতে ষষ্ঠ শ্রেণিপড়ুয়া এক ছাত্রীর (১৪) বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে সেখানে পুলিশ নিয়ে উপস্থিত হন ইউএনও আবুল কাশেম মুহাম্মদ শাহীন। কনের বাবা ও বরসহ উভয় পক্ষের ১৭ জনকে আটক করে ঘাটাইল থানা-পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কনের বাবাকে ৪০ হাজার টাকা ও বরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বিয়ের অনুষ্ঠানে উপস্থিত আরও ১৫ জনকে ১০ থেকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয় এবং অনাদায়ে প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডিত ব্যক্তিরা সবাই গতকাল জরিমানার টাকা জমা দিয়ে মুক্তি পান। ১৭ জনের কাছ থেকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
সাতক্ষীরার আশাশুনি উপজেলার মহিলাবিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহারা বলেন, শুক্রবার উপজেলার আনুলিয়া ইউনিয়নের একটি গ্রামে এ বছর এসএসসি পাস করা এক কিশোরীর (১৬) বিয়ের আয়োজন চলছে বলে খবর পান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুষমা সুলতানা। তিনি সন্ধ্যায় কনের বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে দেন। এ সময় বিয়েতে সহযোগিতা করার অভিযোগে দুই ব্যক্তিকে নিজ কার্যালয়ে নিয়ে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেন। এ ছাড়া আনুলিয়া থেকে ফেরার পথে খাজরা ইউনিয়নের একটি গ্রামে এক অটোরিকশায় বর-কনেকে দেখে তাদেরও আটক করে নিজ কার্যালয়ে নিয়ে যান ইউএনও। আটক বর ও কনে (১৭) দাবি করে, নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিট করে বিয়ে করেছে তারা। ‘এফিডেভিট কোনো বিয়ের বৈধতা দেয় না’—এ ঘোষণা দিয়ে বরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে কনেকে ইউপি সদস্য হোসেন আলীর জিম্মায় দিয়ে ১৮ বছর হওয়ার আগে ওই মেয়ে যাতে বিয়ে করতে না পারে, তা নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয় তাঁকে।
ইউএনও সুষমা সুলতানা প্রথম আলোকে বলেন, আইন মন্ত্রণালয় থেকে নির্দেশনা আছে, এফিডেভিট বিয়ের বৈধতা দেয় না। এ ছাড়া বর-কনেকে কয়েক ঘণ্টা তাঁর কার্যালয়ে রাখার পরও তারা এফিডেভিটের কোনো কপি দেখাতে পারেনি। সেই সঙ্গে বিয়ের নিবন্ধনেরও কোনো কপি তারা উপস্থাপন করতে পারেনি।
সাতক্ষীরার তালায় বেসরকারি সংস্থা বরসার সহকারী পরিচালক মো. নাজমুল আলম বলেন, তাঁদের কাছে শুক্রবার সকালে খবর আসে উপজেলার নগরঘাটা ইউনিয়নের একটি গ্রামে সপ্তম শ্রেণির এক ছাত্রীর (১৪) বিয়ের আয়োজন চলছে। এ খবরে ইউএনও মো. ফরিদ হাসান বিকেলে কনের বাড়িতে পুলিশ পাঠান। পুলিশ ছাত্রীর বাবাকে থানায় নিয়ে মেয়ের বয়স ১৮ বছর হওয়ার আগে বিয়ে দেবেন না মর্মে মুচলেকা নেয়। কিন্তু গতকাল সকালে খবর আসে ওই ছাত্রীকে বরের বাড়িতে নিয়ে বিয়ের প্রস্তুতি চলছে। বেলা ১১টার দিকে জেলা পরিষদের দুই সদস্য, জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য, মহিলাবিষয়ক অধিদপ্তরের তালা উপজেলার প্রশিক্ষক, মানবাধিকারকর্মী ও সাংবাদিকেরা বরের বাড়িতে হাজির হন। বিয়ের আয়োজন চলছিল তখন। বিষয়টি জেলা প্রশাসক আবুল কাসেম মো. মহিউদ্দিনকে জানালে পুলিশ গিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে থানায় নেয়। তাকে ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামানের জিম্মায় দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে গতকাল সন্ধ্যায় জানান থানার পরিদর্শক উজ্জ্বল কুমার মৈত্র।