ঘাটাইলে ব্যবসায়ীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদীঘি বাজারের ব্যবসায়ী আ. বাছেদকে (৪৫) খুন করেছে দুর্বৃত্তরা। পুলিশ গতকাল মঙ্গলবার সকালে সাগরদীঘি-গারোবাজার সড়কের বাঁশতৈল এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করেছে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কবীর জানান, নিহত বাছেদ ঘাটাইল উপজেলার ফটিয়ামাড়ি গ্রামের মোকাদ্দেস আলীর ছেলে। তিনি সাগরদীঘি বাজারে পাটের তৈরি চট ও বস্তা বিক্রি করতেন। সোমবার সকালে ব্যবসায়িক কাজে তিনি সাগরদীঘি বাজারে যান। কাজ শেষে রাতে বাড়ি ফিরে না এলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে মঙ্গলবার ভোরে সাগরদীঘি-গারোবাজার পাকা সড়কের পাশে বাঁশতৈলে তাঁর লাশ পাওয়া যায়। পরে খবর পেয়ে পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।