ঘাটাইলে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশের গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের গাদাচরা বিলে মাছ ধরাকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার দুপুরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ দুই গ্রামের সাতজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ছয়টি ফাঁকা গুলি ছোড়ে। পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল দুপুরের দিকে গুণগ্রামের লোকজন গাদাচরা বিলে মাছ ধরতে গেলে কর্ণা গ্রামের একদল লোক তাদের বাধা দেয়। বাধা দেওয়ায় প্রথমে তাদের মধ্যে কথা-কাটাকাটি এবং পরে সংঘর্ষ হয়। এতে উভয় গ্রামের কমপক্ষে সাতজন আহত হন। সংঘর্ষ ও মাছ ধরতে বাধা দেওয়ার খবর পেয়ে গুণগ্রামের কয়েক শ নারী-পুরুষ লাঠিসোঁটা নিয়ে বিলের দিকে রওনা হয়। সেখান থেকে তারা কর্ণা গ্রামের দিকে রওনা হলে পুলিশ ধাওয়া দিয়ে পিছু হটিয়ে দেয়। খবর পেয়ে কর্ণা গ্রামের লোকজন লাঠিসোঁটা নিয়ে গুণগ্রামের দিকে রওনা দিলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে কর্ণা গ্রামবাসীর ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে ঘাটাইল থানার উপপরিদর্শক আবদুল হান্নান, কনস্টেবল মেহেদী ফারুক ও আনোয়ার হোসেন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তব্যরত পুলিশ ছয়টি ফাঁকা গুলি ছোড়ে। আহত ব্যক্তিরা হলেন: গুণগ্রামের জালাল আকন্দ (৩০), আবদুল খালেক (২৭), কায়সার (২০), আনোয়ার হোসেন (২২), আতোয়ার আলী (২৩), কর্ণা গ্রামের আনছার আলী (১৭) ও মনির হোসেন (২৩)। আহত পুলিশ ও গ্রামবাসীকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।পুলিশ বাদী হয়ে জামুরিয়া ইউনিয়ন পরিষদের সদস্য এবাদত আলী ও মনিরুজ্জামান মিন্টুকে প্রধান আসামি করে ১৫-২০ জন গ্রামবাসীর বিরুদ্ধে মামলা করেছে।এ ব্যাপারে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুর রহমান জানান, এলাকায় এখনো উত্তেজনা আছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।