ঘাটাইলে ময়নাতদন্তের পর চারজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মারা যাওয়া চার যুবকের লাশ ময়নাতদন্তের পর গতকাল শনিবার বিকেলে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে, তবে তাঁদের বলবর্ধক ওষুধ দেওয়া কবিরাজকে শনাক্ত করতে পারেনি পুলিশ। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় গত শুক্রবার কবিরাজের ওষুধ খেয়ে পলি খাতুন (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুর রহমান জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আবদুল লতিফ, বাচ্চু মিয়া ও চান মিয়ার লাশের ময়নাতদন্ত হয়েছে। আবদুর রহমানের লাশের ময়নাতদন্ত হয় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে। পরে স্বজনদের কাছে তাঁদের লাশ হস্তান্তর করা হয়। তিনি জানান, এখনো কবিরাজকে শনাক্ত করা সম্ভব হয়নি, তবে চেষ্টা চলছে। এ ঘটনায় চান মিয়ার বড় ভাই সুরুজ মিয়া গত শুক্রবার রাতে মামলা করেছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিত্সা কর্মকর্তা নাদিম হাসান জানান, সেখানে চিকিত্সাধীন রফিকুল ইসলামের অবস্থা আগের চেয়ে ভালো।গত শুক্রবার ঘাটাইলের সাগরদীঘি বাজারের এক কবিরাজের দেওয়া ওষুধ খেয়ে ওই চারজন মারা যান বলে অভিযোগ উঠেছে।এদিকে তাড়াশের গয়লা গ্রামে মারা যাওয়া গৃহবধূ পলি খাতুনের পরিবার সূত্রে জানা যায়, তিনি জন্ডিসে আক্রান্ত ছিলেন। গত সপ্তাহে তিনি উল্লাপাড়ার বড়পাঙ্গাশী গ্রামের এক কবিরাজের দেওয়া ওষুধ খাওয়া শুরু করেন। এরপর তাঁর পেটের পীড়া দেখা দেয়। বিষয়টি জানালে কবিরাজ আবার ওষুধ দেন। গত শুক্রবার সকালে ওই ওষুধ খেয়ে পলি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। স্বজনেরা স্থানীয় এক চিকিত্সকের কাছে নিয়ে গেলে তিনি তাঁকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। সিরাজগঞ্জ হাসপাতালে নেওয়ার পথে ওই দিন সন্ধ্যায় পলির মৃত্যু হয়।পলির চাচা মিজানুর রহমান ওরফে মজনু মিয়া অভিযোগ করেন, ‘গাছগাছালি দিয়ে তৈরি করা কবিরাজের ওষুধ খেয়েই পলির মৃত্যু হয়েছে, তবে আমরা থানায় কোনো অভিযোগ বা মামলা করব না।’ তিনি জানান, পলি নিজেই ওই ওষুধ জোগাড় করেন বলে কবিরাজের নামও তাঁরা জানেন না।