ঘাটাইলে যুবলীগ নেতার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘাটাইল উপজেলা যুবলীগের সদস্য শফিকুল ইসলাম খান টিক্কার বিরুদ্ধে টিআর, কাবিটাসহ বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।৫ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দেওয়া অভিযোগ থেকে জানা যায়, উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের কালিয়া গ্রামের একটি রাস্তা পুনর্নির্মাণের জন্য ২০১০-১১ অর্থবছরে কাজের বিনিময়ে টাকা (কাবিটা) কর্মসূচির অধীনে দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। শফিকুল ওই প্রকল্পের সভাপতি হিসেবে কোনো কাজ না করে সব টাকা আত্মসাৎ করেছেন।এ ছাড়া পার্শ্বী জামে মসজিদসহ এলাকার কয়েকটি মসজিদের নামে বরাদ্দ করা টেস্ট রিলিফের (টিআর) চাল ও গম আত্মসাতের অভিযোগও করা হয়েছে তাঁর বিরুদ্ধে। পৃথক আরেকটি আবেদনপত্রে এলাকাবাসী তাঁর বিরুদ্ধে টিসিবির চিনি কালোবাজারে বিক্রির অভিযোগ করেছেন। অভিযোগকারীদের মধ্যে আছেন এলাকার মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, সোলায়মান খান, আবু সাইদ সরকার, হারুন প্রমুখ।অভিযোগ সম্পর্কে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রকল্প কর্মকর্তা এনামুল হককে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ সম্পর্কে শফিকুল বলেন, ‘আমি দুর্নীতি করিনি।’