ঘাটাইলে সাংসদ আমানুরের বিরুদ্ধে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে সাংসদ আমানুর রহমান খানের (রানা) সমর্থক ও তাঁর বিরোধীদের মধ্যে এখনো উত্তেজনা চলছে। আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যা মামলায় আমানুর ও তাঁর ভাইদের বিচারের দাবিতে গতকাল শনিবার সাংসদের নির্বাচনী এলাকা ঘাটাইলে বিক্ষোভ করেছে সাংসদবিরোধী অংশ।
এদিকে সাংসদবিরোধী ও সাংসদ সমর্থকদের মধ্যে গত বুধবারের পাল্টাপাল্টি হামলার ঘটনায় র‌্যাবের হাতে আটক ছাত্রলীগ ও যুবলীগের নয়জন নেতা-কর্মীকে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এঁদের মধ্যে সাংসদবিরোধী পক্ষের আটজন ও সাংসদ সমর্থক একজন।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন বলেন, নয়জনকে আটক করার পর গত শুক্রবার রাতে তাঁদের থানায় হস্তান্তর করে র‌্যাব। এঁদের মধ্যে সাংসদবিরোধী হিসেবে পরিচিত পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, ঘাটাইল ব্রাহ্মণশাসন গণমহাবিদ্যালয় (জিবিজি কলেজ) ছাত্রলীগের আহ্বায়ক আবু সাইদ রুবেল, ছাত্রলীগ কর্মী আবিদ হোসেন, মঞ্জুরুল ইসলাম খান, রাজীব সরকার, বাবর আলী, রুবেল মিয়া ও মৃদুলকে আমানুর সমর্থক জামুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহীদুল ইসলাম হেস্টিংয়ের বাড়িতে হামলার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সাংসদের পক্ষের যুবলীগের কর্মী মনছুর আলীকে সাংসদবিরোধী মজিবর রহমানের বাড়িতে হামলার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের টাঙ্গাইল বিচারিক হাকিম আদালতে পাঠানো হলে বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ, ফারুক হত্যা মামলায় অভিযুক্ত সাংসদ ও তাঁর ভাইদের বিচারের দাবিতে গতকাল বিকেলে ঘাটাইল বাসস্ট্যান্ড চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ঘাটাইল আওয়ামী লীগের সাংসদবিরোধী অংশ। বাসস্ট্যান্ড চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহীদুল ইসলামের সভাপতিত্বে আমানুরবিরোধী অংশের নেতারা এতে বক্তব্য দেন।
স্থানীয় সূত্র জানায়, গতকাল সাংসদ সমর্থকেরা মাঠে উল্লেখযোগ্যভাবে না থাকলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
গত বুধবার আমানুর ও তাঁর ভাইদের নামে আদালতে ফারুক হত্যা মামলার অভিযোগপত্র জমা দেওয়ার পর তাঁর সমর্থকেরা বিক্ষোভ করেন। উপজেলা সদরে আওয়ামী লীগ নেতাদের ছবিসহ টানানো বিলবোর্ড ভাঙচুর করা হয়। সাংসদবিরোধী ছাত্রলীগ কর্মীদের বাড়ি ও সৃষ্টি মেমোরিয়াল নামের একটি কিন্ডারগার্টেনে হামলা চালানো হয়। পরে সাংসদবিরোধীরা ওই রাতেই সাংসদের ঘনিষ্ঠ সহযোগী জামুরিয়া ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলামের বাড়িতে হামলা করেন। পরদিন বৃহস্পতিবার উভয় পক্ষ পাল্টাপাল্টি মিছিল করে। রাতে র্যাব সাংসদবিরোধী পক্ষের আটজনকে এবং সাংসদ পক্ষের একজনকে আটক করে।
২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায় টাঙ্গাইল শহরের কলেজপাড়া এলাকায় তাঁর বাসার কাছে রাস্তায়। পরে তাঁর স্ত্রী নাহার আহমেদ টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। বুধবার পুলিশ সাংসদ আমানুর, তাঁর তিন ভাইসহ ১৪ জনের নামে অভিযোগপত্র জমা দিয়েছে। আমানুর ও তাঁর তিন ভাইসহ আসামিদের ১০ জনই পলাতক। বাকি চারজন কারাগারে আছেন।