ঘাটাইলে সেনাসদস্যের বিরুদ্ধে ধর্ষণের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় এক সেনাসদস্যের বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ওই সেনাসদস্যের নাম খোরশেদ আলম (২৫)। ধর্ষণের অভিযোগে ওই ছাত্রী গত বুধবার রাতে ঘাটাইল থানায় এ মামলা করেন। মামলার এজাহার থেকে জানা গেছে, ১ ফেব্রুয়ারি বিয়ের প্রলোভন দেখিয়ে খোরশেদ ওই ছাত্রীকে উপজেলার পোড়াবাড়ি গ্রামের একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। ঘটনাটি টের পেয়ে এলাকাবাসী খোরশেদকে আটক করে। খবর পেয়ে খোরশেদের বাবা ছালাম ও বড় ভাই শহীদুল ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে তাঁরা বিয়ের কথা বলে সময় নষ্ট করতে থাকেন। এর ফাঁকে কৌশলে খোরশেদ ও তাঁর ভাই ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে এলাকাবাসী খোরশেদের বাবাকে আটক করে পুলিশে সোপর্দ করে।এ ব্যাপারে সেনাসদস্য খোরশেদের সঙ্গে গতকাল বৃহস্পতিবার বিকেলে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ওই মেয়ের সঙ্গে বেড়াতে যাওয়ার কথা স্বীকার করলেও ধর্ষণের ঘটনাটি মিথ্যা বলে দাবি করেন।ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোমিনুর রহমান ধর্ষণের অভিযোগে মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ধর্ষণে সহযোগিতা করার অভিযোগে খোরশেদের বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।