টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গালা গ্রামের সেই ১১ ব্যক্তি এনথ্রাক্স রোগেই আক্রান্ত হয়েছেন বলে বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন। গতকাল বুধবার মহাখালীতে অবস্থিত সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এস এম আবুল খায়ের মিঞার নেতৃত্বে তিন সদস্যের বিশেষজ্ঞ দল সরেজমিনে তদন্ত করে এ বিষয়টি নিশ্চিত করেন। সকাল নয়টা থেকে দুপুর দুটা পর্যন্ত তাঁরা গালা গ্রামের আক্রান্ত ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষা করে এ বিষয়টি নিশ্চিত হন। আবুল খায়ের মিঞা প্রথম আলোকে বলেন, ‘আমরা নিশ্চিত এটা এনথ্রাক্স রোগের সংক্রমণ। চামড়ায় আক্রান্ত হওয়ায় ভয়ের কোনো কারণ নেই। তবে আক্রান্ত ব্যক্তিদের আপাতত অন্য লোকজনের সঙ্গে মেলামেশা না করার পরামর্শ দেওয়া হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার ব্যাপারে তিনি বলেন, ‘আমরা রোগ নির্ণয়ের পর সঠিক ওষুধ খুঁজে পেয়েছি। এখন কোনো সমস্যা নেই। তিনি গ্রামবাসীকে আতঙ্কিত না হওয়ারও পরামর্শ দেন।জেলা পশুসম্পদ কর্মকর্তা মো. আবদুর রশীদের নেতৃত্বে আরেকটি দল গতকাল গালা গ্রাম পরিদর্শন করেছেন। তাঁরা আগামী দুই সপ্তাহ গবাদিপশুকে গোয়াল ঘরে আবদ্ধ রাখতে এবং এই সময়ের মধ্যে কোনো পশু বিক্রি না করতে গ্রামবাসীকে পরামর্শ দিয়েছেন।