টাঙ্গাইল জেলার ঘাটাইলের হামিদপুরে সাংসদ আমানুর রহমান খানের (রানা) সমর্থনে ও তাঁর বিপক্ষে একই স্থানে সমাবেশ ডাকা নিয়ে গতকাল রোববার হামিদপুর বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, সম্ভাব্য সংঘর্ষ এড়াতে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আছমা আরা বেগম হামিদপুর বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় গতকাল বেলা তিনটা থেকে রাত দশটা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন।
ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম বলেন, আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় অভিযুক্ত সাংসদ আমানুর ও তাঁর তিন ভাইয়ের বিচার এবং দল থেকে বহিষ্কারের দাবিতে দিগড় ও দিঘলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ যৌথভাবে হামিদপুর বাসস্ট্যান্ডে বেলা তিনটায় সমাবেশ আহ্বান করে। সমাবেশের ঘোষণা আরও কয়েক দিন আগে দেওয়া হয়েছিল। কিন্তু গতকাল সকালে হঠাৎ আমানুরের অনুসারীরাও সেখানে পাল্টা সমাবেশের ঘোষণা দেন। এতে উত্তেজনা দেখা দেওয়ায় প্রশাসন ১৪৪ ধারা জারি করে।
বিকেলে সাংসদবিরোধী অংশের নেতা-কর্মীরা ১৪৪ ধারা এলাকার বাইরে সমবেত হন। তাঁরা পরে মিছিলসহ পার্শ্ববর্তী কদলতলী বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে সমাবেশ করেন। এতে ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহীদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মজিবর রহমান, আবদুর রহিম প্রমুখ বক্তব্য দেন।
২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায় টাঙ্গাইল শহরের কলেজপাড়া এলাকায় তাঁর বাসার কাছে রাস্তায়। পরে তাঁর স্ত্রী নাহার আহমেদ টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। গত বুধবার পুলিশ সাংসদ আমানুর, তাঁর তিন ভাইসহ ১৪ জনের নামে অভিযোগপত্র জমা দিয়েছে। আমানুর ও তাঁর তিন ভাইসহ আসামিদের ১০ জনই পলাতক। বাকি চারজন কারাগারে আছেন।