জামায়াতের নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসি গত বৃহস্পতিবার রাতে কার্যকর হওয়ার পরও ঢাকার কেরানীগঞ্জের ঘাটারচরের বাসিন্দাদের আতঙ্ক কাটেনি। একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে ২৫ নভেম্বর ভোররাতের হত্যাযজ্ঞের কথা মনে পড়লে এখনো তাঁরা আঁতকে ওঠেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ঘাটারচর গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, এক কাদের মোল্লার ফাঁসি হলে কী হবে—দেশে এ রকম আরও অনেক কাদের মোল্লা রয়েছে, যারা এখনো ধরাছোঁয়ার বাইরে। অনেকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা চলছে। অনেকের বিচারকার্য শেষ হওয়ার পথে। মানবতাবিরোধীদের দ্রুত বিচারকার্য শেষ করে রায় কার্যকর করার দাবি জানান তাঁরা।
গতকাল শুক্রবার দুপুরে ঘাটারচর গ্রামে গিয়ে দেখা যায়, চা-মুদি দোকানগুলোতে লোকেরা হাতে পত্রিকা নিয়ে আলাপ-আলোচনা করছেন। আটি ভাওয়াল গ্রামের বাসিন্দা আবদুর রশিদ মিয়া বলেন, ‘আমরা আনন্দ করে কী দুঃখ ডেকে আনব? আমরা শান্তি চাই।’
ঘাটারচর গ্রামে বাসিন্দা এনায়েত হোসেন বলেন, ‘একাত্তরের ২৫ নভেম্বর ভোরে পাকিস্তানি হানাদার বাহিনী আমার বাবা আবদুর রউফ ও চাচা আবদুর রহমানকে গুলি করে হত্যা করে। শুনেছি, কাদের মোল্লা হত্যাকাণ্ডের সময় সেখানে হাজির ছিল।’
ঘাটারচরের গণহত্যায় জড়িত থাকার অভিযোগে আটি ভাওয়াল খানবাড়ী এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমেদ খান ২০০৭ সালে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে একটি মামলা করেন। এ মামলার সাক্ষী তৈয়ব আলীসহ পাঁচজনের বাসায় খোঁজ নিয়ে কারও সাক্ষাৎ পাওয়া যায়নি। তাঁদের অনেকেই ঘাটারচরে থাকেন না।
কেরানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহজাহান বলেন, ‘কাদের মোল্লার ফাঁসি হওয়ায় আমরা একাত্তরের পর আরও একটি বিজয় অর্জন করেছি। আমরা অন্য মানবতাবিরোধীদেরও একই রায় কার্যকরের দাবি জানাই।’