ঘাটুগান ও যাত্রাপালায় মুগ্ধ দর্শক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঙালি সংস্কৃতির অন্যতম নিদর্শন ঘাটুগান আর যাত্রাপালা প্রায় বিলুপ্তির পথে। সেই ঐতিহ্যবাহী ঘাটুগান আর যাত্রাপালায় গতকাল শনিবার মুগ্ধ হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনভর্তি দর্শক।
বাংলাদেশ-ভারত মৈত্রী নাট্যোৎসবে গতকাল মঞ্চায়িত হয় ঘাটুগান শ্যাম-রাই কীর্তন ও যাত্রাপালা বাঙালি। বিকেল পাঁচটায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা মঞ্চস্থ করেন শ্যাম-রাই কীর্তন। নির্দেশনায় ছিলেন বিভাগের শিক্ষক মো. রুহুল আমিন। সন্ধ্যা সাড়ে সাতটায় মঞ্চস্থ হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ড্রামা অ্যান্ড মিউজিক বিভাগের প্রযোজনার যাত্রাপাল বাঙালি। যাত্রাপালাটির নির্দেশক ছিলেন আবদুল হালিম প্রামাণিক।
রাধা-কৃষ্ণের প্রেমলীলা আর রাধার বিরহের পাশাপাশি শ্যাম-রাই কীর্তনে ফুটিয়ে তোলা হয় পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রেম উপেক্ষা করে কৃষ্ণের মথুরায় গমনের কাহিনি। মো. রুহুল আমিন বলেন, রাধা-কৃষ্ণ বিষয়ক গান বা পালার এই ধারা আজ প্রায় বিলুপ্ত। ময়মনসিংহ অঞ্চলের এই ধারা নিয়ে কাজ করার প্রয়াস থেকেই শ্যাম-রাই কীর্তন করা।
ইতিহাসনির্ভর বাঙালি যাত্রাপালায় মূলত ফুটিয়ে তোলা হয় বাঙালির অসাম্প্রদায়িক চেতনা। আবদুল হালিম প্রামাণিক বলেন, বাঙালি পালাটি কলকাতার দাঙ্গা এবং নোয়াখালীর মরণযজ্ঞের ওপর ভিত্তি করে ১৯৪৬ সালে লেখা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ আয়োজিত এই উৎসবের পঞ্চম দিনে আজ রোববার বিকেল চারটায় থাকছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রযোজনার নাটক কবি এবং সন্ধ্যা ছয়টায় মঞ্চস্থ হবে কলকাতার সুন্দরম নাট্যদলের প্রযোজনা জাদুবংশ। নাটকটির নির্দেশনা দিয়েছেন মনোজ মিত্র। উৎসব শেষ হবে ৪ নভেম্বর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে এই উৎসব আয়োজনে সহযোগিতা করছে ভারতীয় হাইকমিশন। উৎসবে অংশগ্রহণ করছে দুই বাংলার ১০টি নাট্যদল।