পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে গত শুক্রবার উদ্বোধন করা তিনটি নতুন ইউটিলিটি ফেরির একটি এখন পর্যন্ত ঘাটেই এসে পৌঁছেনি। আর যান্ত্রিক ত্রুটির কারণে গতকাল রোববার পর্যন্ত অন্য দুটি ফেরি চলাচল করেনি। শুক্রবার ফেরি তিনটির উদ্বোধন করেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে মন্ত্রীর উদ্বোধনের সময় দুটি ফেরি উপস্থিত ছিল। ফেরি দুটির নাম ‘শাপলা-সালুক’ ও ‘রজনীগন্ধা’। ‘চন্দ্র মল্লিকা’ নামের অপর ফেরিটি গতকাল পর্যন্ত ঘাটে এসে পৌঁছেনি। আর উদ্বোধনের পর থেকে যান্ত্রিক ত্রুটির কারণে ওই দুটি ফেরির একটিও যানবাহন পারাপার করেনি।
‘খান ব্রাদার্স অ্যান্ড শিপইয়ার্ড লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠান প্রায় ২১ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে ফেরি তিনটি তৈরি করে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) কমকর্তা-কর্মচারীদের দাবি, মন্ত্রীর উদ্বোধনের সময় থেকেই ফেরিতে যান্ত্রিক ত্রুটি রয়েছে। তাই এখন পর্যন্ত তা যানবাহন পারাপারে নামানো যায়নি। নির্মাণকারী প্রতিষ্ঠানের দাবি, ফেরিতে কোনো ক্রটি নেই। ড্রাইভার ও মাস্টারদের পছন্দের কিছু কাজ করতে সময় লাগছে।
শাপলা-শালুকের মাস্টার অফিসার (চালকদের প্রধান) তাজুল ইসলাম বলেন, জরুরি পাম্প চালু রেখে ফেরিটিকে (শাপলা-শালুক) মেঘনা থেকে এখানে আনা হয়। কিন্তু ইঞ্জিন ঠান্ডা করার যন্ত্রে (কুলিং সি-ওয়াটার পাম্প) আগেই ত্রুটি ছিল। মন্ত্রীর উদ্বোধন উপলক্ষে ত্রুটিপূর্ণ অবস্থায়ই জরুরিভাবে ফেরিটি এখানে আনা হয়। এ অবস্থায় ফেরি চালাতে গেলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।
তাজুল ইসলাম বলেন, মন্ত্রী চলে যাওয়ার পর ফেরিটিকে পাটুরিয়ার ভাসমান কারখানা মধুমতীতে আনা হয়। ইঞ্জিন সরবরাহকারী প্রতিষ্ঠান দেওয়ান ইঞ্জিনিয়ারিং লিমিটেডের কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। তাঁরা শনিবার রাতে কিছু কাজ করেছে। আরও বেশ কিছু কাজ বাকি রয়েছে। রজনীগন্ধা ফেরিটির জেনেরেটরসহ অন্য যান্ত্রিক ত্রুটি রয়েছে বলে তিনি শুনেছেন। ওই ফেরিকে পাটুরিয়ার ১ নম্বর ঘাটে বসিয়ে রাখা হয়েছে।
খান ব্রাদার্স অ্যান্ড শিপইয়ার্ড লিমিটেডের প্রকৌশলী মো. সুমন মিয়া দাবি করেন, ‘ফেরির তেমন কোনো সমস্যা নেই। মাস্টার ও ড্রাইভারদের পছন্দের কিছু কাজ করতেই একটু সময় লাগছে। যদি সমস্যাই থাকত তাহলে কীভাবে মেঘনা থেকে টানা ২০ ঘণ্টা চালিয়ে ফেরি দুটিকে এখানে আনা হলো। মাস্টারদের জন্য কাঠের কিছু প্লাটফর্ম ও কার্পেটের কাজ বাকি ছিল। আর ইঞ্জিন ঠান্ডা করতে পাইপের কিছু সমস্যা থাকলেও সেটির সমাধান হয়ে গেছে। আশা করি, সোমবার (আজ) বিকেলের মধ্যে কাজ শেষ হবে এবং ট্রিপ মারতে পারবে।’
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী এনামুল হক বলেন, নৌমন্ত্রীর আগমন উপলক্ষে শুক্রবারের আগেই এই নৌপথে তিনটির মধ্যে দুটি ফেরি আনা হয়। ফেরি দুটিতে কিছু যান্ত্রিক সমস্যা থাকায় এখন পর্যন্ত তা রুটে নামানো হয়নি। বিষয়টি জানানো হলে নির্মাণকারী প্রতিষ্ঠানের প্রকৌশল বিভাগের লোকজন এসে কাজ শুরু করেছেন। অপর একটি ফেরির কাজ কিছু বাকি রয়েছে। সেটির আসতে আসতে আরও দু-তিন দিন সময় লাগবে।