সিলেট বিভাগে সুনামগঞ্জের বড়চড়া-চারাগাঁও স্থলবন্দর দিয়ে সবচেয়ে বেশি কয়লা আমদানি হয়। তবে নৌপথে কয়লা পরিবহন করতে গিয়ে ঘাটে ঘাটে চাঁদা দিতে হয়। অভিযোগ রয়েছে, পুলিশ ও প্রশাসনের ছত্রচ্ছায়ায় ক্ষমতাসীন দলের লোকজন এই চাঁদাবাজি করছেন।
কয়লা আমদানিকারক, ব্যবসায়ী, শ্রমিক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, আমদানির পর কার্গো, বাল্কহেড ও নৌকায় করে কয়লা নিতে গিয়ে তাহিরপুরে পাটলাই নদী, ধরমপাশায় সোমেশ্বরী, কাউনাই, মুকসেদপুর এবং সদর উপজেলায় চলতি ও সুরমা নদীতে চাঁদা দিতে হয়। এ ছাড়া, তাহিরপুরের ফাজিলপুর এবং সুনামগঞ্জ সদর উপজেলার ধোপাজান থেকে সংগ্রহ করা বালু-পাথর বহনকারী নৌযানগুলোও চাঁদাবাজির শিকার হয়।
সুনামগঞ্জ সদর উপজেলায় চলতির ধোপাজান এবং সুরমা নদীর নবীনগর, হালুয়ারঘাট, মল্লিকপুর এলাকায় চাঁদা দিতে হয়। এখানে প্রতিদিন প্রায় দুই লাখ টাকা চাঁদা তুলে কয়েকটি পক্ষ। এই চাঁদার ভাগ হয় জনপ্রতিনিধি, প্রশাসন, পুলিশের মধ্যে। প্রতিটি নৌযান থেকে ২০০ থেকে শুরু করে এক হাজার ৫০০ টাকা করে চাঁদা আদায় করা হয়।
স্থানীয়দের অভিযোগ, ধরমপাশার মুকসেদপুর নদীতে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করছেন মধ্যনগর বাজারের বাসিন্দা আওয়ামী লীগ কর্মী রুহুল আমিন খান ও মধ্যনগর থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ফারুকী। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন নূরী বলেন, ‘এখানে প্রকাশ্যে চাঁদাবাজি হচ্ছে। শুনেছি রুহুল আমিন এই ঘাট স্থানীয়দের কাছে পাঁচ লাখ টাকা বিক্রি করেছেন।’
চাঁদাবাজি প্রসঙ্গে রুহুল আমিন খান বলেছেন, ‘আমি এর কিছুই জানি না।’ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও ধরমপাশার চামরদানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাকর তালুকদার বলেন, স্থানীয় সাংসদের নাম ভাঙিয়ে উপজেলার নৌপথে চাঁদাবাজি হচ্ছে।
উপজেলার সোমেশ্বরী নদীতে চাঁদা তুলছেন জয়শ্রী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শুকুর আলী ও তাঁর ছেলে আয়নাল হকসহ ১৫-২০ জন। জয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসীন আহমদ বলেন, ‘এরা থানাকে ম্যানেজ করে চাঁদাবাজি করছে। শুকুুর আলীকে নিষেধ করেছি এবং পুলিশকেও জানিয়েছি।’
আয়নাল হক চাঁদা তোলার কথা স্বীকার করে বলেন, ধরমপাশা থানার ওসিসহ অনেককেই এ বাবদ টাকা দিতে হচ্ছে।
কাউনাই নদীতে চাঁদাবাজির সঙ্গে সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর কবীরসহ আরও সাত-আটজন জড়িত বলে অভিযোগ রয়েছে।
তবে আলমগীর কবীর অভিযোগ অস্বীকার করে বলেন, এলাকার আবদুল করিম মেম্বার, বকুল মিয়া ও এলাহীসহ সাত-আটজন চাঁদাবাজির সঙ্গে জড়িত।
আবদুল করিম বলেন, তিনি নারায়ণগঞ্জ থেকে একটি সমিতির লিখিত অনুমতি নিয়ে ‘নৌকার পথ দেখানো’ বাবদ ২০ টাকা করে আদায় করেছেন। পরে স্থানীয় একটি চক্র বেপরোয়া চাঁদাবাজি শুরু করায় তিনি সেখান থেকে ফিরে এসেছেন।
কিশোরগঞ্জ-বাজিতপুর নৌপরিবহন শ্রমিক সমবায় সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, সুনামগঞ্জ থেকে কয়লা ও বালু-পাথর বহনকারী নৌযানগুলো দীর্ঘদিন ধরে চাঁদাবাজির শিকার হচ্ছে। ধরমপাশা থানার পুলিশকে একাধিকবার জানিয়েও কোনো প্রতিকার মেলেনি। স্থানীয় সাংসদের সদিচ্ছা ছাড়া এসব বন্ধ হবে না।
ধরমপাশা থানার ওসি বায়েছ আলম বলেন, ‘চাঁদাবাজদের বিরুদ্ধে একাধিক মামলা আছে। চাঁদাবাজি বন্ধে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
ইউএনও খালেদুর রহমান বলেন, ‘বিষয়টি জেলার মাসিক উন্নয়ন সমন্বয় সভায় তুলে ধরেছি।’
স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আমি সাংসদ হওয়ার পর চাঁদাবাজি কমে এসেছে। আমি নিজেও আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান চালিয়েছি।’
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান বলেছেন, ‘পুলিশকে বলা আছে, কেউ চাঁদাবাজি-সন্ত্রাসী কর্মকাণ্ড করলে সে আমাদের দলের হলে তাকে যেন আগে ধরা হয়।’