ঘাটে ঘাটে উপচে পড়া ভিড়, বাড়ানো হয়েছে নিরাপত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদে ঘরমুখী মানুষের চাপে রাজধানীর সদরঘাট, মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাট ও মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটে গতকাল বৃহস্পতিবার ছিল উপচে পড়া ভিড়। তবে মানুষজনের গন্তব্য নির্বিঘ্ন করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।
সদরঘাটে খেয়া নৌকায় চড়ে মাঝ নদীতে গিয়ে যাত্রীদের লঞ্চে ওঠা ঠেকাতে টহলের ব্যবস্থা করেছে নৌ পুলিশ। শিমুলিয়াঘাটে সিসি ক্যামেরা বসানো হয়েছে। আর পাটুরিয়া থেকে ছেড়ে যাওয়া লঞ্চের যাত্রীদের বিভিন্ন নিরাপত্তা পরামর্শ দিচ্ছেন ঘাটে নিয়োজিত নিরাপত্তা বাহিনীর বিভিন্ন ইউনিটের কর্মীরা।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
সদরঘাট: খেয়া নৌকা নিয়ে যাত্রীদের লঞ্চে ওঠা ঠেকাতে নৌ পুলিশের দুটি স্পিডবোটসহ ছয়টি ইঞ্জিনচালিত নৌকা টহল দিচ্ছে। গতবারও এ ব্যবস্থা ছিল। তবে এ বছর এ ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানালেন নৌ পুলিশের পরিদর্শক পারভেজ আলী। এ বিশেষ ব্যবস্থায় কতটুকু কাজ হচ্ছে, তা সরেজমিন দেখতে উপচে পড়া ভিড় ঠেলে একেবারে পন্টুনে চলে যান এই প্রতিবেদক। সেখানে তিনি দেখতে পান ভিন্ন চিত্র। অনেক যাত্রী খেয়া ও ইঞ্জিনচালিত নৌকায় করে জীবনের ঝুঁকি নিয়ে মাঝ নদীতে গিয়ে লঞ্চে উঠছেন। নিরাপত্তারক্ষীদের নিষেধেও কোনো কাজ হচ্ছিল না।
ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনাল সূত্র জানায়, ভোর পাঁচটা থেকে দক্ষিণাঞ্চলগামী হাজার হাজার মানুষ পরিবার-পরিজন ও মালামাল নিয়ে লঞ্চে ওঠে। দুপুর ১২টার পর থেকে টার্মিনাল এলাকায় যাত্রীদের ভিড় বাড়তে থাকে। আমতলী, বরগুনা, হাতিয়া, খেপুপাড়াসহ বেশ কয়েকটি রুটে লঞ্চ-সংকট দেখা দিলে যাত্রীরা পন্টুনে বসে অপেক্ষা করেন। দুপুরের পর তাঁরা লঞ্চ পান। বিকেল চারটার দিকে পন্টুনে যাত্রীদের ভিড় বেড়ে গেলে কর্মকর্তারা টার্মিনালে প্রবেশের প্রধান তিনটি ফটক বন্ধ করে দেন।
কোতোয়ালি জোনের সহকারী কমিশনার (ট্রাফিক) কানিজ ফাতেমা বলেন, রায়সাহেব বাজার এলাকা থেকে সদরঘাট এলাকা পর্যন্ত ট্রাফিক পুলিশের পাঁচটি টিম ছাড়াও অতিরিক্ত পুলিশ যানজট নিরসনের জন্য সার্বক্ষণিক কাজ করছে।
শিমুলিয়াঘাট: যাত্রীদের বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে এ বছরই প্রথম সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটের শিমুলিয়াঘাটে। সেই সঙ্গে সামগ্রিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, এই ঘাটের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আটটি সিসি ক্যামেরা বসানো হয়েছে। এ জন্য একটি পুলিশ কন্ট্রোল রুম খোলা হয়েছে। এই রুম থেকে ক্যামেরাগুলো সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন একজন পুলিশ কর্মকর্তা। এ ছাড়া শিমুলিয়াঘাট এলাকায় পাঁচ শ পুলিশ সদস্য ও র্যা ব সদস্য মোতায়েন রয়েছেন। কোনো অভিযোগের তাৎক্ষণিক বিচার নিশ্চিত করতে রয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হলেও শিমুলিয়াঘাট থেকে এবার লঞ্চ, স্পিডবোট ও ফেরিতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। একাধিক যাত্রী অভিযোগ করেন, গত বছর পিনাক-৬ দুর্ঘটনা লঞ্চমালিকদের মধ্যে কোনো প্রভাব ফেলতে পারেনি। তাই লঞ্চগুলোতে যাত্রী ওঠা-নামানোর ক্ষেত্রে কোনো নিয়ন্ত্রণ নেই।
স্পিডবোটের যাত্রী আক্তার মণ্ডল জানান, ‘অতিরিক্ত ভাড়া তো নিচ্ছেই। তার পরে আবার অতিরিক্ত যাত্রী বোঝাই করে ঝুঁকির মধ্য দিয়ে যাত্রী পারাপার করছে। এসব কিছু কর্তৃপক্ষ দেখেও যেন না দেখার ভান করছেন।’
শিমুলিয়াঘাটের ট্রাফিক পরিদর্শক মো. তোফাজ্জল হোসেন দাবি করেন, ‘লঞ্চগুলো কোনো অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করছে না। আমরা যাত্রী ওঠানোর ক্ষেত্রে কঠোর নজরদারি করছি। এ জন্য র‌্যাব, পুলিশ, বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘাট এলাকায় নজরদারি রাখছেন।’
পাটুরিয়া: দুপুরে পাটুরিয়া লঞ্চঘাটে গিয়ে দেখা যায়, জিরো পয়েন্ট থেকে পন্টুন পর্যন্ত মানুষের ভিড়। প্রতিটি লঞ্চে নির্ধারিত ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী নিয়ে দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে যাচ্ছে। তবে এ সময় লঞ্চে ওঠা-নামার জন্য যাত্রীদের বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। লঞ্চগুলোতে পর্যাপ্ত যাত্রী ওঠার সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। কিন্তু তারপরও যাত্রীরা নিষেধ না মেনে উঠে পড়ছেন লঞ্চে।
ঘাটে ভেড়ানো লঞ্চ ‘আরাফাতের মাস্টার নূর ইসলাম বলেন, তাঁর লঞ্চে ধারণক্ষমতা ১০০ জন। কিন্তু তিনি সামান্য বেশি যাত্রী বহন করছেন। কারণ জানতে চাইলে তিনি বলেন, ঈদের সময় যাত্রীদের চাপ। লঞ্চের সংখ্যাও কম। তাই যাত্রীরা কিছু না মেনে লঞ্চে উঠে পড়েন। তবে কিছু অতিরিক্ত যাত্রী বহন করা হলেও এর জন্য কোনো ঝুঁকি নেই।
পাটুরিয়া নৌফাঁড়ির পুলিশ পরিদর্শক (ওসি) শেখ গোলাম মোর্শেদ খাইরুল্লাহ প্রথম আলোকে বলেন, যাত্রীর তুলনায় লঞ্চের সংখ্যা কম থাকায় নৌ মন্ত্রণালয়ের সভার সিদ্ধান্ত অনুযায়ী যাত্রী বেশি পারাপার করা হচ্ছে। তবে ধারণক্ষমতার একটা পর্যায় অতিক্রম করে যাত্রী তোলা নিষেধ রয়েছে। এ ব্যাপারে নৌপুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে তদারক করছেন।