ঘাটে ছিনতাইকারীদের তৎপরতা বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ সামনে রেখে ঘরমুখী মানুষের ভিড়ের সুযোগ নিতে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পকেটমার ও ছিনতাইকারীদের তৎপরতা বেড়ে গেছে।প্রায় প্রতিদিনই ঘাট দিয়ে পার হওয়ার সময় যাত্রীদের ব্যাগ, মানিব্যাগ, মুঠোফোন সেটসহ মূল্যবান জিনিসপত্র খোয়া যাচ্ছে। স্থানীয় ২০-২৫ জন এ কাজে জড়িত এবং ঈদের সময় এরা বাইরে থেকেও পকেটমারদের ভাড়া করে আনে বলে অভিযোগ পাওয়া গেছে।খোঁজ নিয়ে জানা গেছে, দৌলতদিয়া লঞ্চ ও ফেরিঘাট এলাকায় উঠতি বয়সের শিশু-কিশোর ও তরুণেরা এসব অপরাধের সঙ্গে জড়িত রয়েছে। তাদের বেশির ভাগেরই বাড়ি দৌলতদিয়া ঘাট ও আশপাশের এলাকাগুলোতে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল নয়টার দিকে লঞ্চঘাটে এক লঞ্চযাত্রী নারীর ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালানোর সময় ইউনুছ শেখ (১৫) নামের এক কিশোর ধরা পড়ে। এরপর ইউনুছ জানায়, তার বাড়ি আরিচা ঘাট এলাকায়। দৌলতদিয়া ঘাটের কয়েকজন তাকে ভাড়া করে এনেছে। পরে তাকে গণধোলাইয়ের পর ছেড়ে দেওয়া হয়। একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে লঞ্চঘাট পার হয়ে টার্মিনালে বাসের জন্য অপেক্ষা করার সময় এক যাত্রীর মানিব্যাগ নিয়ে পালানোর সময় কাসেম ফকির (৩০) নামের এক ব্যক্তি যাত্রীদের হাতে ধরা পড়েন। পরে তাঁকে গণপিটুনি দিয়ে বেঁধে রাখা হয়। একপর্যায়ে ঘাটে অবস্থানরত ভ্রাম্যমাণ আদালত তাঁকে গোয়ালন্দ ঘাট থানায় সোপর্দ করেন।আগের দিন মঙ্গলবার দুপুরে দিকে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যায়ের ছাত্রী কামরুন্নাহার লঞ্চ থেকে নামার সময় তাঁর হাত থেকে মুঠোফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় এক ছিনতাইকারী। ঘাট-সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, ঘাট ও আশপাশের এলাকার খায়রুল, আশিক, ভণ্ড, লম্বু, কালু, রশিদ, কাসেমসহ ২০-২৫ জনের একটি দল নিয়মিত দৌলতদিয়া লঞ্চঘাট, ফেরিঘাট ও টার্মিনাল এলাকায় ছিনতাই ও পকেটমারের কাজ করে থাকে। বিশেষ করে ঈদের সময় তারা বাইরে থেকেও ছিনতাইকারীদের ভাড়া করে ঘাটে নিয়ে আসে।লঞ্চঘাট এলাকার কয়েকজন শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে জানান, ঘাট ও টার্মিনাল এলাকার আশপাশ থেকে অল্প বয়সী শিশু-কিশোরেরাই এসব অপরাধ করে থাকে। প্রায় দিন ধরাও খাচ্ছে এসব ছিনতাইকারী ও পকেটমারেরা। কিন্তু তার পরও এরা থেমে নেই। এরা ঈদের সময় বাইরে থেকেও কিছু পকেটমার ভাড়া করে নিয়ে আসে। পরে লুট করা জিনিসপত্র তারা ভাগ করে নেয়।লঞ্চঘাটের তত্ত্বাবধায়ক নুরুল আনোয়ার বলেন, ঘাটে চুরি, ছিনতাই ও পকেটমারের ঘটনা প্রায়ই ঘটে থাকে। তবে ঈদের সময় ভিড়ের সুযোগ নেওয়ার জন্য অপরাধীদের তৎপরতা বেড়ে যায়। মাঝেমধ্যে তারাও ছিনতাইকারীদের আটক করে পিটুনি দিয়ে পুলিশে দেন। এরা সংখ্যায় ২৫-৩০ জনের মতো হবে। যাত্রী পারাপার নিশ্চিত করতে ঘাটে সব সময় পুলিশ থাকা দরকার বলে তিনি জানান। এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার বলেন, ঘাটে সব সময় নৌফাঁড়ি পুলিশসহ থানা-পুলিশ থাকে। বুধবারও এক পকেটমারকে আটকের পর কারাগারে পাঠানো হয়েছে। সংবাদ পাওয়া মাত্র তাঁরা অপরাধীদের আটকের চেষ্টা করে থাকেন।