ঘাটে বসে আছে ৩ হাজার ট্রলার
ভোলার মেঘনা নদী ও সাগর মোহনায় ডাকাতির ঘটনা বেড়ে গেছে। গত তিন দিনে এসব এলাকায় ৩০টি ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের হামলায় আহত হয়েছেন ৪০ জন। জলদস্যু বাহিনীর সদস্যরা এসব ঘটনার সঙ্গে জড়িত। তাই হামলা ও লুটপাটের ভয়ে কমপক্ষে তিন হাজার ট্রলারের জেলেরা সাগরে মাছ ধরতে না গিয়ে ঘাটেই অলস সময় কাটাচ্ছেন। দৌলতখান পাতার খালের জেলে আবুল হোসেন বলেন, ‘১০ দিন মেঘনায় অভিযান আছিল, পুলিশ কোস্টগার্ড সব আছিল। এ্যহোন জাইল্যারা মাছ ধরতে নামছে, এ্যহোন পুলিশো নাই, কোস্টগার্ডও নাই। আছে জলদস্যু। এ্যকবার জলদস্যুতে ধরলে টলারও যায়, জীবনও যায়, পিডাইয়্যা হাড্ডি-গুড্ডি ভাইঙ্গা দ্যায়।’ট্রলার মালিকেরা আরও জানান, ট্রলারগুলো ডাকাতির সময় জলদস্যুরা জেলেদের মারধর করে নদীতে ফেলে দেয়। আবার মুক্তিপণ আদায় করার জন্য প্রতিটি ট্রলারের সঙ্গে এক-দুইজন জেলেকেও অপহরণ করে নিয়ে যায়। এ কারণে দ্রুত জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জেলে ও ট্রলার মালিকেরা অভিযোগ করেন, মাছ ধরার একটি ট্রলারের দাম সাত থেকে ১০ লাখ টাকা। ডাকাত ট্রলার ও জেলেকে ধরে নিয়ে গিয়ে ৫০ হাজার টাকা থেকে দুই লাখ টাকা মুক্তিপণ আদায় করে। ডাকাতির খবর পুলিশ ও কোস্টগার্ডকে জানালেও তারা দ্রুত মেঘনায় টহল দিতে আসে না। জেলেরা আরও জানান, মেঘনার জেলেদের জলদস্যুদের কবল থেকে মুক্ত করতে চাইলে সদর উপজেলার বঙ্গের চর, দৌলতখান উপজেলার হাজীরহাট চর, মনপুরা উপজেলার তালতলা, লালমোহন উপজেলার বাত্তির খাল ও চরফ্যাশন ঢালচর এলাকায় কোস্টগার্ডের ক্যাম্প নির্মাণ করা জরুরি। কোস্টগার্ডের দক্ষিণ জোনের জোনাল কমান্ডার কামাল হোসেন বলেন, তাঁরা ডাকাতির খবর পেলেই দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন মল্লিক বলেন, জলদস্যুদের দমনে নোয়াখালী ও ভোলার পুলিশ এবং কোস্টগার্ডের যৌথ অভিযান দরকার।