ঘাটে যানজট, মুখে হাসি ওঁদের

কারও মাথায় ঝুড়িভর্তি পিয়াজু, কারও শসা, কলা বা নানা প্রকার বই। কারও কাঁধে ঝালমুড়ির ঝুড়ি, ডিমের ঝুলি, হাতে পাঁপড়ের ব্যাগসহ নানা পণ্য। দূরপাল্লার বাস বা পরিবহন দেখলেই তাঁরা ছুটে যান। থেমে থাকা যানবাহনের জানালায় জানালায় গিয়ে পণ্য তুলে ধরে খরিদ্দারের দৃষ্টি আকর্ষণ করেন। কখনো বিক্রি করতে পারেন, কখনো পারেন না। যান চলাচল শুরু হলে দৌড়ে সরে যান। অপেক্ষা করতে থাকেন পরের যানবাহনের জন্য। হকারদের এ রকম আনাগোনা প্রতিনিয়ত চোখে পড়ে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায়।
সারা দিন নানা পণ্যভর্তি ঝুড়ি নিয়ে এ গাড়ি থেকে সে গাড়িতে দল বেঁধে ছুটে বেড়ান। কাকডাকা ভোর থেকে হকারদের চিৎকার-চেঁচামেচি মুখরিত থাকে পুরো ঘাট এলাকা। ঘাটে গাড়ির জট থাকলে দিন শেষে রাতভর চলে বেচাকেনা। লাভের টাকা দিয়ে সংসারের প্রয়োজন মেটান তাঁরা। দিন শেষে বাড়ি ফিরে ফের প্রস্তুতি নিতে থাকেন পরের দিনের জন্য। ঘাটে গাড়ি কম থাকলে দৈনিক খরচের টাকা উঠতে চায় না। আর চাপ থাকলে মনের আনন্দে বিকিকিনি করতে পারেন। ঘাটে এভাবে জীবিকা নির্বাহ করছেন প্রায় ৩০০ হকার। ঘাটে যত যানজট তত তাঁদের লাভ। যে যানজট যাত্রীদের ভোগান্তির কারণ, তাই হকারদের জন্য আশীর্বাদ হয়ে হাজির হয়।
দৌলতদিয়া ঘাটে প্রায় ২৫ বছর ধরে ফেরি করে জীবিকা নির্বাহ করছেন সোহরাব মোল্লা (৪০)। তিনি জানান, বাবার হাত ধরে দৌলতদিয়া ঘাট এলাকায় পণ্য ফেরি শুরু করেন। প্রতিদিন বাড়ি থেকে পিয়াজু ভেজে ঝুড়ি ভর্তি করে মাথায় করে ঘুরে ঘুরে বিক্রি করেন। ঘরে বৃদ্ধা বাবা-মা, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। এক মেয়ের বিয়ে দিয়েছেন। ছেলে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ে। বেচাকেনা ভালো হলে দিনে ৮০০ টাকা পর্যন্ত বিক্রি হয়।
আট বছর ধরে ক্যানাল ঘাট এলাকায় মহাসড়কে ঝুড়িতে করে শসা বিক্রি করেন লিটন শেখ (৩৫)। সংসারে মা-বাবা, স্ত্রী ও তিন ছেলে রয়েছে। ঘাটে গাড়ির চাপ থাকলে প্রতিদিন ৮০০ থেকে ৯০০ টাকার শসা বিক্রি করতে পারেন। ঘাটে যানজট থাকলে বিক্রি এর চেয়েও বেশি হয় বলে জানান।
বই বিক্রেতা তরুণ রেজাউল খানের বাড়ি দৌলতদিয়া ইউনিয়ন পরিষদসংলগ্ন ওমর আলী মণ্ডলপাড়ায়। ছয় বছর আগে বাবা মারা যাওয়ার পর পরিবারের বড় ছেলে হিসেবে সংসারের হাল ধরেন। পড়াশোনা করতে না পারলেও বইয়ের প্রতি রয়েছে নেশা। রাজধানী ঢাকার বাংলা বাজার থেকে ছোটদের গল্পের বই, কিচ্ছা কাহিনি, গোপাল ভাঁড়ের কৌতুক, দেশ-বিদেশের বিখ্যাত ব্যক্তিদের নামের তালিকা, নামাজ শিক্ষাসহ নানা ধরনের বই কিনে মাথায় করে ঘুরে ঘুরে যাত্রীদের কাছে বিক্রি করেন। প্রতিদিন এক হাজার থেকে ১ হাজার ২০০ টাকার বই বিক্রি হলে ৬০০ থেকে ৭০০ টাকা লাভ থাকে। এই টাকায় ছোট বোনের লেখাপড়াসহ সাংসারিক প্রয়োজন মেটান তিনি।
ঝালমুড়ি বিক্রি করে জীবিকা নির্বাহ করেন জিয়ারুল মণ্ডল নামের আরেক তরুণ। চার বছর ধরে তিনি এই কাজ করছেন। সংসারে বাবা-মা ও এক ভাই রয়েছে। দামে সস্তা ও মুখরোচক হওয়ায় যাত্রীদের অধিকাংশই ঝালমুড়ি কেনেন। ঘাটে যানজট থাকলে ৮০০ থেকে ৯০০ টাকা পর্যন্ত বিক্রি হয় তাঁর ঝাল-মুড়ি।
তবে হকারদের এমন আনাগোনা ও হাঁকডাকে বিরক্তও হন অনেকে। মাগুরা থেকে আসা ঢাকাগামী পরিবহনের যাত্রী তানজিবুল হক জানান, ঘাটের সিরিয়ালে গাড়ি দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই হকারদের চেঁচামেচিতে কান ঝালাপালা হয়ে যায়। অনেক হকার কেনার জন্য রীতিমতো ঝুলোঝুলি করেন। সেটা তাঁর কাছে আরও বিরক্তিকর লাগে।