মুন্সিগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ও মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি নৌপথে পদ্মা নদীর নাব্যতাসংকট; সঙ্গে প্রচণ্ড স্রোতে গতকাল বৃহস্পতিবার অষ্টম দিনের মতো ফেরি চলাচল ব্যাহত হয়েছে। এই নৌপথে যানবাহন পারাপারে স্বাভাবিকের চেয়ে চার-পাঁচ গুণ বেশি সময় লাগায় এবং ফেরির স্বল্পতায় উভয় পারে দাঁড়িয়ে আছে কয়েক শ যানবাহন।
অন্যদিকে এই নৌপথে সংকট না কাটায় রাজধানীর সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোর যাতায়াতে গুরুত্বপূর্ণ নৌপথ রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়ায় গাড়ি ও মানুষের চাপ আরও বেড়েছে। এ দুই ঘাটে তিন দিন ধরে এমন অবস্থা চলছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) মুন্সিগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. সুলতান আহম্মেদ বলেন, আজ (বৃহস্পতিবার) থেকেই ডাম্ব ফেরি ছাড়া শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে সব ধরনের ফেরি চালানো যাবে। আটকে যাওয়ার কিছুটা আশঙ্কা থাকায় শুক্রবার থেকে ডাম্ব ফেরি চালানোর অনুরোধ করা হয়েছে। এদিন থেকেই নদী স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করা হচ্ছে।
মাদারীপুরের টেকেরহাটের ট্রাকচালক মো. রিপন হোসেন বলেন, ১৭ দিন হলো তিনি ট্রাক নিয়ে রাস্তায় কাটাচ্ছেন। যাত্রাবাড়ীতে ছয় দিন, পদ্মার টোলপ্লাজার সামনে দুদিন, মাওয়ার চার রাস্তার মোড়ে দুদিন ও শিমুলিয়া ঘাটে গতকালসহ সাত দিন আটকে ছিলেন। পণ্যবোঝাই ট্রাক রেখে কোথাও যেতে পারছেন না। দৌলতদিয়া ঘাট ঘুরে গেলে অনেক টাকার দরকার। কী করবেন বুঝতে পারছেন না।
এদিকে গতকাল দুপুরে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান আহমেদের সঙ্গে লঞ্চে বেশি ভাড়া নেওয়া এবং অতিরিক্ত যাত্রী তোলা নিয়ে লঞ্চমালিক সমিতির বাগ্বিতণ্ডা বাধে। এতে দুই ঘণ্টার জন্য বন্ধ থাকে এই নৌপথে লঞ্চ চলাচল। যাত্রীরা নতুন করে দুর্ভোগে পড়ে।
সরেজমিনে দেখা গেছে, শিমুলিয়া-কাঁঠালবাড়ি উভয় ঘাটে প্রায় ৭০০ গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে। ফেরিতে উঠতে না পেরে অনেক যাত্রী ট্রলারে করে ঝুঁকি নিয়ে পদ্মা পাড়ি দিচ্ছে। অনেকে লাইনে দাঁড়িয়ে লঞ্চ ও স্পিডবোটে উঠছে। এ সুযোগে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছেন লঞ্চ ও স্পিডবোটের মালিকেরা। ঢাকাগামী বাসযাত্রী জুয়েল হোসেন বলেন, ‘লাইনে দাঁড়িয়ে বেশি ভাড়া দিয়ে স্পিডবোটে উঠতে হয়েছে। ঘাটে প্রচুর জ্যাম। ঈদে বাড়ি ফেরার পথে এমন কষ্ট জীবনে হয় নাই।’
দুই ঘাটের যাত্রী, গাড়িচালক ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, আট দিন ধরেই ফেরি চলাচল ঠিকমতো হচ্ছে না। শিমুলিয়া ঘাটে ১০ দিন ধরে পারাপারের অপেক্ষায় আছে দুই শতাধিক ট্রাক। গত রোববার রাতে লৌহজং চ্যানেলে তিনটি ফেরি আটকে যাওয়ার পর থেকেই শুরু হয় অসহনীয় দুর্ভোগ।
কাঁঠালবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাম হোসেন বলেন, ফেরি চলাচল স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিকল্প নৌপথ হিসেবে ভারী যানবাহন পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাট ব্যবহার করার অনুরোধ করেছে ঘাট কর্তৃপক্ষ।
দৌলতদিয়ায় গাড়ি ও মানুষের বাড়তি চাপ
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে গাড়ি ও মানুষের চাপ তিন দিন ধরে বাড়ছে। গতকাল ফেরিঘাট থেকে গাড়ির সারি গোয়ালন্দ বাজার পর্যন্ত দীর্ঘ হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাধ্য হয়ে ঘাটমুখী সব ব্যাটারিচালিত থ্রি-হুইলার গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ডে বন্ধ করে দিয়েছেন।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয় জানায়, দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপথে ২০টি ফেরি চলছিল। একদিকে নদীতে স্রোতে আগের চেয়ে সময় লাগছে বেশি, অন্যদিকে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে নাব্যতাসংকটের কারণে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় অনেক গাড়ি দৌলতদিয়া ঘাটের দিকে আসছে। এসব কারণেই গাড়ি ও মানুষের বাড়তি চাপ এ ঘাটে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, ঘাটে চাপ কমাতেই গোয়ালন্দ মোড়ে সাধারণ পণ্যবাহী গাড়ি আটকে দেওয়া হচ্ছে।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন মাদারীপুর, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি ও মুন্সিগঞ্জ সংবাদদাতা]