জামালপুরের ইসলামপুর উপজেলার ব্রহ্মপুত্র নদের ইসলামপুর শহর রক্ষা বাঁধসংলগ্ন হাতিজা চারিয়া নৌঘাট থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু তোলায় বাঁধ ও নদের তীরে ভাঙন দেখা দিয়েছে। সোনালী ব্যাংকের একজন জুনিয়র অফিসার ঘাটের ইজারাদারি ব্যবসার আড়ালে বালু ব্যবসার সঙ্গে সরাসরি জড়িত রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।জেলা পরিষদ সূত্রে জানা গেছে, চলতি ২০১১-১২ অর্থবছরের জন্য হাতিজা খেয়াঘাটের ইজারাদার নিয়োজিত হয়েছেন মো. জাহাঙ্গীর আলম চান। এক বছরের জন্য ঘাটটির ইজারামূল্য ধরা হয়েছে প্রায় পাঁচ লাখ ৪০ হাজার টাকা।খোঁজ নিয়ে জানা গেছে, ব্যক্তিনামে নেওয়া ওই ঘাটের ইজারাদার ব্যাংকের একজন কর্মকর্তা। ইজাদার মো. জাহাঙ্গীর আলম চান বর্তমানে সোনালী ব্যাংক ইসলামপুর শাখায় জুনিয়র অফিসার পদে কর্মরত। তাঁর বিরুদ্ধে চাকরিবিধি লঙ্ঘন করে ঘাট ইজারা নেওয়ার অভিযোগ উঠেছে। ওই ব্যাংক কর্মকর্তা শুধু ঘাট ইজারা নিয়েই ক্ষান্ত হননি, উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের প্রভাব খাটিয়ে তিনি সেখানে একটি সিন্ডিকেট করে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু তুলে বালুর ব্যবসাও জুড়ে বসেছেন।গত বৃহস্পতিবার ওই ঘাটে গেলে স্থানীয় নদের পাড়ের বাসিন্দারা অভিযোগ করেন, ঘাট ইজারাদার টোল আদায়ের পাশাপাশি ১০ সদস্যের একটি সিন্ডিকেট করে ঘাটের টোল আদায় এবং ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু তুলে দীর্ঘদিন ধরে বালুর ব্যবসা করছে। প্রতিদিন ২৫ থেকে ৩০ হাজার ঘনফুট বালু তোলা হচ্ছে। বালু তোলার জন্য তাদের কাছে খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কোয়েরি ইজারা লাইসেন্স নেই। দীর্ঘ দিন ধরে ওই ঘাট থেকে বালু তোলার কারণে ঘাটের আশপাশের নদের তীরে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। নদ ভাঙতে ভাঙতে উজানের দিকে ঢুকে পড়ছে।ওই ঘাটে বালুর ব্যবসা করার জন্য স্থানীয় উত্তর দরিয়াবাদ গ্রামের জালাল উদ্দিন ১২ লাখ টাকা ব্যয়ে একটি ট্রাক্টর কিনেছেন। তিনি নিজেই গাড়ি চালান। ঘাট থেকে এক ট্রাক্টর বালু নিতে ঘাটের ইজারাদারকে দিতে হয় প্রতি ঘনফুটে দুই থেকে তিন টাকা করে। সেই হিসাবে প্রতি ট্রাক্টর বালুর জন্য ১৫০ থেকে ২০০ টাকা ইজাদারকে দিতে হয়। ইজারাদারের লোকজন তাঁকে কোনো রসিদ দেন না। ইসলামপুর উপজেলার বিভিন্ন নির্মাণপ্রতিষ্ঠানের ঠিকাদারদের কাছে তিনি ওই বালু বিক্রি করে থাকেন।ট্রাক্টরচালক জালাল উদ্দিন বলেন, ‘এক ট্রাক্টর বালু বেচলে ৯০০ টাকা থেকে এক হাজার ৫০ টাকা পাই। প্রতিদিন এই ঘাট থেকে পাঁচ-ছয় ট্রাক্টর বালু কেনাবেচা করে থাকি। এতে আমি ভালোই ইনকাম করতাছি।’ঘাট এলাকার বাসিন্দা মো. হাবিবুর রহমান বলেন, ‘এখানে ঘাটের ইজারা দিয়েছে সরকার। সরকার তো এখান থেকে বালু তোলার জন্য কাউকে ইজারা দেয় নাই। তা ছাড়া সরকারি চাকরিজীবী কী করে ঘাটের ইজারা পান? আমরা নদীপাড়ের মানুষ বালু তোলা বন্ধের জন্য প্রতিবাদ করতে গেলে ঘাট ইজারাদার সিন্ডিকেটের লোকজন আমাদের নির্যাতন করেন এবং বাড়িঘর-ছাড়া করার হুমকি দেন।’চাকরিবিধি অনুযায়ী, ঘাটের ইজারাদার হওয়া ঠিক হয়নি, এ কথা স্বীকার করে ঘাটের ইজারাদার জাহাঙ্গীর আলম চান বলেন, ‘আমি ঘাটের ইজারাদার হতে চাইনি। আওয়ামী লীগদলীয় প্রভাবশালী নেতারা তাঁদের দলীয় বেকার পোলাপানদের করেধরে খাওয়ার জন্য জোর করে আমাকে ঘাটের ইজারাদার বানিয়েছেন। নেতারা আশ্বাস দিয়েছিলেন, এ নিয়ে আমার কোনো অসুবিধা হলে তাঁরা দেখবেন।’