ঘাটের গ্যাংওয়ে ছুটে ফেরি চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালবৈশাখীতে গতকাল সোমবার ভোলার ইলিশা ফেরিঘাটের গ্যাংওয়ে ছুটে গেছে। ফলে বন্ধ হয়ে গেছে ভোলা-লক্ষ্মীপুর নৌপথে ফেরি চলাচল। কবে নাগাদ ফেরি চালু হবে, তা বলতে পারছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ভোলার ইলিশা ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক শিহাব উদ্দিন জানান, গতকাল সকাল সাড়ে নয়টায় ঝড় শুরু হয়। আধা ঘণ্টাব্যাপী বৃষ্টি ও ঝড়ে দৌলতখান উপজেলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চঘাটের পন্টুন মাঝ নদীতে ভেসে যায়।
সরেজমিনে দেখা যায়, পন্টুনের গ্যাংওয়ে সংযোগ সড়ক থেকে দক্ষিণ-পূর্বে প্রায় ১০ হাত সরে গেছে। ফলে কোনো গাড়ি ওঠানামা করতে পারছে না। পন্টুনের সঙ্গে কস্তুরি নামের একটি ফেরি আটকে আছে। ফেরিটি সাড়ে নয়টার দিকে ঘাটের পাশে নোঙর করে।
গ্যাংওয়ে ছুটে যাওয়ায় শতাধিক গাড়ি ও পণ্যবাহী ট্রাক ঘাটে আটকে পড়ে। ঝড়-বৃষ্টিতে প্রায় ২০টি ট্রাকের ধান ভিজে গেছে। চালক শাহাবুদ্দিন বলেন, মঙ্গলবারের মধ্যে ফেরি চলাচল শুরু না হলে ধানে অঙ্কুর গজিয়ে যাবে।
আটকে পড়া পাঁচজন বাসযাত্রীর অভিযোগ, বাসচালকেরা ফেরি চালু হবে আশ্বাস দিয়ে দুপুর পর্যন্ত তাঁদের আটকে রাখেন। অবস্থার পরিবর্তন না হলে যাত্রীরা হইচই শুরু করেন। পরে বাস কর্তৃপক্ষ ৪৫০ টাকা ভাড়ার ১৫০ টাকা ফেরত দেয়।
এদিকে ফেরি চলাচলে অনিশ্চয়তা দেখা দেওয়ায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে যাত্রীরা ট্রলারে করে উত্তাল মেঘনা পার হতে শুরু করে।
দুপুরে ফেরিঘাটে এক ব্যক্তিকে কাঁদতে দেখা যায়। কথা বলে জানা যায়, তিনি চরফ্যাশন উপজেলার চরনলুয়া গ্রামের আলমগীর হোসেন (৫৫)। কাজের সন্ধানে এক হাজার টাকা ধার করে চট্টগ্রামে যাচ্ছেন তিনি। গাড়িতে উঠতেই পকেটের বেশির ভাগ টাকা শেষ। অবশিষ্ট টাকায় দুপুরের খাবারের ব্যবস্থা হয়। কিন্তু তিনি খাবেন, নাকি বাড়ি ফিরবেন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েন।
ইলিশা ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক বলেন, ঝড়ে পন্টুনের গ্যাংওয়ে ছুটে যাওয়ার খবর বেতারবার্তার মাধ্যমে ঢাকায় জানানো হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের লোকজন (বিআইডব্লিউটিএ) কখন আসবেন, তা তিনি বলতে পারছেন না। তিনি বলেন, ‘তাঁরা আজ (সোমবার) এলে কাল (মঙ্গলবার) ফেরিযোগাযোগ চালু হবে।’
তবে সন্ধ্যা ছয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কেউ আসেননি।
লঞ্চঘাটের দুজন শ্রমিক জানান, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চঘাটের পন্টুন ও সংযোগ সড়ক চার বছর ধরে জোড়াতালি দিয়ে চলছে। এ ছাড়া সি-ট্রাকের ঘাট ও ফেরিঘাটের পন্টুন একসঙ্গে এবং এর গ্যাংওয়ে একটি।
ফেরিঘাটের কর্মকর্তাদের অভিযোগ, ইজারাদার টাকা খেয়ে বেসরকারি লঞ্চ-স্টিমার পন্টুনের সঙ্গে নোঙর করতে দিচ্ছে। ফলে ভারসাম্য রক্ষা করতে না পেরেও গ্যাংওয়ে বিকল হচ্ছে। তাঁরা সি-ট্রাকের জন্য পন্টুন আলাদা করার দাবি জানান। ফেরিঘাটের লস্কর আবুল হোসেন বলেন, গ্যাংওয়ে সংস্কারের জন্য ওপরের কর্মকর্তাকে জানানো হয়েছে।
বিআইডব্লিউটিএর বরিশাল বিভাগের যুগ্ম পরিচালক শাহজল হক গতকাল বিকেলে বলেন, ‘আমরা ঘটনাস্থলে যাচ্ছি, দ্রুত ব্যবস্থা নেব।’