ঘাড় ধাক্কার পরে এবার কারণ দর্শানোর নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের এ এইচ ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজের অধ্যক্ষ গাউছ উর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজী আকতার।
মাদারীপুরের মস্তফাপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির দুই ছাত্রীকে হত্যার প্রতিবাদে গত রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছিল এ এইচ ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজ কর্তৃপক্ষ। পুলিশ ওই কর্মসূচিতে বাধা দিয়ে তা পণ্ড করে দেয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ গাউছ উর রহমানকে পুলিশ টানাহেঁচড়া ও ঘাড় ধরে আটক করারও চেষ্টা করে। এর দুই দিন পর গত মঙ্গলবার বিকেলে তাঁকে এই নোটিশ দেওয়া হলো।
শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা থাকার পরেও কেন কোমলমতি শিশুদের পাঠদান ব্যাহত করে মানববন্ধন কর্মসূচিতে দাঁড় করানো হয়েছে—নোটিশে বিষয়টি ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে। কেন তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, কারণ দর্শানোর নোটিশে তা-ও বলা হয়েছে।
গাউছ উর রহমান বলেন, ‘একটি অমানবিক ঘটনার প্রতিবাদ করতে গিয়ে হয়রানির শিকার হচ্ছি। মানববন্ধন কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন, শিক্ষক-শিক্ষার্থী ও মাদারীপুরের সচেতন মানুষ অংশ নেওয়ার জন্য উপস্থিত হয়েছিল। পুলিশ কর্মসূচি পালন করতে দেয়নি। উল্টো আমাকে লাঞ্ছিত করা হয়েছে।’