ঘাতক দালাল নির্মূল কমিটির রজতজয়ন্তী ও সম্মেলন আজ শুরু
শহীদজননী জাহানারা ইমামের নেতৃত্বে একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গড়ে ওঠা নাগরিক আন্দোলনের ২৫ বছর পূর্ণ হচ্ছে আজ ১৯ জানুয়ারি। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ব্যানারে চলা ওই আন্দোলন এখন বিজয়ের দ্বারপ্রান্তে উপনীত হয়েছে বলে মনে করে সংগঠনটি।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ইতিমধ্যে কয়েকজন কুখ্যাত মানবতাবিরোধীর ফাঁসির রায় কার্যকর হয়েছে। অন্যদেরও বিচার হচ্ছে।
আন্দোলনের রজতজয়ন্তী উপলক্ষে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আজ থেকে তিন দিনব্যাপী অনুষ্ঠান ও সপ্তম জাতীয় সম্মেলনের আয়োজন করেছে। আজ সকাল নয়টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অনুষ্ঠানের উদ্বোধন করবেন। অনুষ্ঠানের স্লোগান ঠিক করা হয়েছে ‘ধর্মনিরপেক্ষ মানবিক সমাজ গড়ে তুলুন’।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, সংগঠনের সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো মৌলবাদের পাল্টা ব্যবস্থা। এর কৌশল নিয়ে আলোচনা হবে অনুষ্ঠানে। একই সঙ্গে সম্মেলনের মাধ্যমে পরবর্তী মেয়াদের নতুন কমিটি গঠন করা হবে। তিনি বলেন, অনুষ্ঠানে দেশি-বিদেশি প্রায় ২০০ শাখার প্রতিনিধিরা অংশ নেবেন। এ ছাড়া থাকবেন পর্যবেক্ষক ও অতিথি।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি বলেছে, উদ্বোধনী অধিবেশনের পর দুপুর সাড়ে ১২টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে শোভাযাত্রা বের করা হবে। বেলা তিনটায় মূল অধিবেশনে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। ‘নির্মূল কমিটির ২৫ বছর: প্রাপ্তি ও প্রত্যাশা’ শীর্ষক এই অধিবেশনে রাজনীতিক থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের অতিথিরা আলোচনা করবেন। সন্ধ্যা ছয়টায় হবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী। কাল শুক্রবার সকাল ১০টায় হবে সংগঠনের প্রতিনিধি সম্মেলন। এতে শুধু প্রতিনিধি ও পর্যবেক্ষকেরা থাকতে পারবেন। বেলা তিনটায় হবে সমাপনী অধিবেশন। একই দিনে ‘বাংলাদেশের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি ও বি-মৌলবাদীকরণ কৌশল’ শীর্ষক বিশেষ অধিবেশন হবে।
শাহরিয়ার কবির বলেছেন, পরদিন শনিবার প্রেস মিটসহ আরও কিছু আয়োজন রাখা হয়েছে।