ঘাতক দালাল নির্মূল কমিটির শ্বেতপত্র প্রকাশ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে রাষ্ট্রীয় নিরাপত্তা কীভাবে বিপন্ন হয়েছিল, সেদিন কতজন নিহত হয়েছিল, হেফাজত-জামায়াতের আসল পরিচয় কী, তারা কী চায়—এসব বিষয় তদন্ত করে ‘হেফাজত-জামায়াতের মৌলবাদী সাম্প্রদায়িক সন্ত্রাসের ৪০০ দিন’ নামে একটি শ্বেতপত্র তৈরি করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।
আজ বিকেল সাড়ে তিনটায় রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে এ শ্বেতপত্রটি প্রকাশ করা হবে। এটি তৈরির জন্য নির্মূল কমিটির উদ্যোগে বিচারপতি সৈয়দ আমিরুল ইসলামের নেতৃত্বে একটি গণতদন্ত কমিশন গঠন করা হয়। পাঁচ মাস ধরে মাঠ পর্যায়ের তদন্ত ও বিভিন্ন মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করে কমিশন এ শ্বেতপত্রটি তৈরি করে।
কমিশনের সদস্যরা হলেন অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, সাংবাদিক কামাল লোহানী, কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, অধ্যাপক অজয় রায়, অধ্যাপক মুনতাসীর মামুন, শিক্ষাবিদ শ্যামলী নাসরিন চৌধুরী প্রমুখ।
ওই সমাবেশের পর হাজার হাজার আলেম হত্যার যে মিথ্যা প্রচারণা চালানো হয় এর পরিপ্রেক্ষিতেই শ্বেতপত্রটি তৈরির উদ্যোগ নেওয়া হয়।
কমিশনের সদস্যসচিব শাহরিয়ার কবির গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, হেফাজতের পক্ষ থেকে ৭৯ জনের নিহতের যে তালিকা দেওয়া হয়, কথিত নিহতের প্রতিটি ঘটনা সরেজমিন তদন্ত করে কমিশন।
স্পিকারকে শ্বেতপত্র হস্তান্তর
গতকাল বৃহস্পতিবার দুপুরে নির্মূল কমিটির একটি প্রতিনিধিদল জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে শ্বেতপত্রের একটি কপি দেওয়া হয়। প্রতিনিধিদলে ছিলেন সংগঠনের সভাপতি বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী, উপদেষ্টা কামাল লোহানী, নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির প্রমুখ।