অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গতকাল বুধবার কমিটির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচি পালিত হয়। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সমাবেশ করে। সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সানাউল হকের পরিচালনায় এবং সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে সমাবেশটি হয়। এ সময় বক্তৃতা করেন কামরুজ্জামান, সৈয়দ সফিকুল আলম, সিদ্ধার্থ শঙ্কর সাহা প্রমুখ। বক্তারা বলেন, শহীদ জননী জাহানারা ইমাম ঘাতক দালাল নির্মূল কমিটি প্রতিষ্ঠা করেছিলেন যুদ্ধাপরাধীদের আইনের আওয়তায় এনে দ্রুত বিচারের জন্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য, দীর্ঘদিনেও তা হয়নি। তাঁরা অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করার জোর দাবি জানান। পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনার সংবিধান পুনঃপ্রবর্তন এবং দেশ থেকে জঙ্গি ও মৌলবাদ নির্মূলে সরকারের প্রতি আহ্বান জানান।