ঘাতক বাস কেড়ে নিল কলেজ ছাত্রীর প্রাণ
শিক্ষকের বাসায় পড়তে যাওয়ার সময় লাশ হতে হলো কলেজছাত্রী কামরুন নাহার ওরফে যুথীকে (২১)। গতকাল শনিবার বিকেলে রাজধানীর খিলগাঁও এলাকায় ঘাতক বাস কেড়ে নিয়েছে তাঁর প্রাণ। পুলিশ ও মৃতের পারিবারিক সূত্র জানায়, নগরের সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্রী কামরুন নাহার তাঁর মা-বাবার সঙ্গে ১১/২/৪, মতিঝিলের টিঅ্যান্ডটি কলোনিতে থাকতেন। গতকাল বিকেলে কামরুন নাহার রিকশায় খিলগাঁওয়ে শিক্ষকের কাছে পড়তে যাচ্ছিলেন। বিকেল চারটার দিকে খিলগাঁও ও মালিবাগ রেলগেটের মাঝামাঝি বেসরকারি খিদমাহ হাসপাতালের বিপরীত রাস্তায় বেপরোয়া গতির সালসাবিল পরিবহনের একটি বাস পেছন থেকে রিকশাকে ধাক্কা দিলে কামরুন নাহার রাস্তায় ছিটকে পড়েন। এ সময় ঘাতক বাসটি কামরুন নাহারের শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। চালক বাসটি নিয়ে পালানোর চেষ্টা করলে ওই যাত্রীরা মালিবাগ সুপার মার্কেটের কাছে চালককে বাস থামাতে বাধ্য করে। একপর্যায়ে আশপাশের লোকজন চালক মনির হোসেনকে আটক করে গণধোলাই দিয়ে খিলগাঁও থানা পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ বাসের চালক মনিরকে ও ঘাতক বাসটি রেকার দিয়ে টেনে থানায় নিয়ে যায়। কামরুন নাহারের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। তাঁর লাশ মর্গের হিমঘরে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে আজ রোববার লাশ গ্রামের বাড়িতে দাফন করা হবে। মেয়ের মৃত্যুর খবরে মা শামসুন নাহার বারবার মুর্ছা যান। কামরুন নাহারের ব্যবসায়ী বাবা মহিউদ্দিন বাবুল পারিবারিক কাজে গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ের মশাখালীতে ছিলেন। মেয়ের মৃত্যুর খবরে রাতেই তিনি ঢাকায় রওনা দেন। সেবিকার লাশ উদ্ধার: ধানমন্ডির বেরসরকারি রেনেসাঁ হাসপাতালের সেবিকা হোস্টেলের শৌচাগারে গতকাল শনিবার সকালে ওই হাসপাতালের সেবিকা শাহানা আক্তার (২৮) মারা গেছেন। সূত্র জানায়, গতকাল সুমনা নামে এক সেবিকা রেনেসাঁ হাসপাতালের সেবিকা হোস্টেলের শৌচাগারে ঢুকতে গিয়ে দরজার ভেতর থেকে ছিটকিনি লাগানো দেখতে পান। পরে তিনি দরজার ফাঁক দিয়ে দেখেন, শাহানা মেঝেতে পড়ে আছেন। খবর পেয়ে অন্য সহকর্মীরা দরজা ভেঙে শাহানাকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।