ঘাতক বাসচালক মজিদ দুই দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অটোরিকশাচালক মো. ফারুককে চাপা দিয়ে হত্যার অভিযোগে করা মামলায় বাসচালক আবদুল মজিদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঢাকার মহানগর হাকিম মাহবুবুর রহমান এ আদেশ দেন।

গতকাল মঙ্গলবার রাজধানীর উত্তরায় জসীমউদদীন রোডের মোড়ে ‘তুই সর। নাইলে পিষ্যা ফালামু তোরে’—এ কথা বলেই চালক তাঁর যাত্রীবাহী বাসটি তুলে দেন অটোরিকশাচালক ফারুকের ওপর। শত মানুষের সামনে রাস্তায় পিষেই মেরে ফেলেন অটোরিকশাচালক মো. ফারুককে (৪০)। বাসচালক আবদুল মজিদ (২৫) তেঁতুলিয়া পরিবহনের একটি বাস চালাচ্ছিলেন। মজিদের নৃশংসতায় বিমূঢ় হয়ে পড়েন বাসযাত্রীরা। কিন্তু বাসটি আধা কিলোমিটারের মতো পেরিয়ে আজমপুর বাসস্ট্যান্ডে গেলে যাত্রীরা তাঁকে আটক করে ট্রাফিক পুলিশের হাতে তুলে দেন। জসীমউদদীন মোড়ে কর্তব্যরত ট্রাফিক পরিদর্শক মো. ফারুক আহমেদ উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করেন মজিদকে।

এ ঘটনায় রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মামলাটি করেন নিহত ফারুকের ভাই মো. হারুন। পরে এ মামলায় উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক খগেন্দ্র চন্দ্র সরকার আজ বিকেলের দিকে মজিদকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। আদালত দুদিন মঞ্জুর করেন।

ফারুকের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। তাঁর গ্রামের বাড়ি বরিশালে। সেখানে তাঁর লাশ দাফন করা হবে।

হারুন প্রথম আলোকে বলেন, ফারুক স্ত্রী ও তিন সন্তান নিয়ে রাজধানীর মান্ডায় থাকতেন। মর্গ থেকে লাশ নিয়ে প্রথমে মান্ডায় যাবেন তাঁরা। এরপর বরিশালে যাবেন। তিনি বলেন, বাসের মালিক তাঁর সঙ্গে কোনো যোগাযোগ করেননি। অনেকে ফোন দিয়ে কথা বলছেন। হারুনের ধারণা, বাস মালিক অন্যদের দিয়ে ফোন করাচ্ছেন।