রাজধানীর মগবাজার রেলক্রসিংয়ের কাছে বাস চাপা দিয়ে দম্পতিকে হত্যার ঘটনায় জড়িত বাসের চালককে পুলিশ গতকাল রোববার পর্যন্ত শনাক্ত করতে পারেনি। ওই বাসের চাপায় নিহত বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সাইফুল হুদা ও তাঁর স্ত্রী সোহেলী আক্তার শম্পার লাশ আজ সোমবার ফরিদপুরে গ্রামের বাড়িতে দাফন করা হবে। পুলিশের সূত্র জানায়, গত শনিবার সকালে বেসরকারি প্রতিষ্ঠান এসইএল-এর বিক্রয় কর্মকর্তা এস এম সাইফুল হুদা ও তাঁর স্ত্রী সোহেলীর প্রাণ কেড়ে নেয় বলাকা সার্ভিসের একটি বাস। বাসটি গাজীপুর থেকে সায়েদাবাদে যাচ্ছিল। ওই দিন রাতেই এই দম্পতির লাশ ফরিদপুরে নেওয়া হয়। শম্পার মামা এ এফ এম সাইফুল ইসলাম এ ব্যাপারে বাসের চালককে আসামি করে রমনা থানায় মামলা করেন। এজাহারে বলা হয়, চালক বেপরোয়া বাস চালিয়ে সাইফুল ও শম্পাকে গুরুতর জখম করে খুন করেছে।রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শিবলী নোমান জানান, ঘাতক বাসের চালককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।যোগাযোগ করা হলে সাইফুলের ছোট ভাই নাজমুল হুদা গতকাল প্রথম আলোকে জানান, তাঁদের পুরো পরিবার এখন শোকে মুহ্যমান। তাঁর ভাই-ভাবির লাশ ফরিদপুরের ডায়াবেটিক হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। তাঁর ভাবির ছোট ভাই সোহাগ কানাডা থেকে রওনা হয়েছেন। গতকাল রোববার দিবাগত গভীর রাতে তাঁর ঢাকায় পৌঁছানোর কথা। তিনি আসার পর আজ তাঁদের লাশ ফরিদপুরের সদরপুর উপজেলার হাটকৃষ্ণপুর গ্রামের বাড়িতে দাফন করা হবে। নাজমুল জানান, ছেলে ও ছেলের বউকে হারিয়ে তাঁর মা-বাবা পাগলপ্রায়। বাস একের পর এক মানুষের প্রাণ কেড়ে নিলেও এর প্রতিকারে কারও কোনো উদ্যোগ নেই। সোহেলীর মামা আলী নেওয়াজ খান বলেন, ফরিদপুরে লাশ নেওয়ার পর সোহেলীর মা-বাবা মৃত্যুর খবর শুনেছেন। এর পর থেকে তাঁরা বারবার মূর্ছা যাচ্ছেন। সোহেলী দুই ভাই ও এক বোনের মধ্যে সবার বড়। তাঁর বাবার নাম ওমর আলী। তাঁদের গ্রামের বাড়ি বাগেরহাটে।