বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ডিগ্রি কলেজের ছাত্রী কেয়ামণি খানমের ঘাতকদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে গতকাল শনিবার সকালে মানববন্ধন, মিছিল, প্রতিবাদ সমাবেশ এবং মহাসড়ক অবরোধ করা হয়েছে।মাহিলাড়া ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে কলেজের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সুশীল সমাজের নেতারা বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শেষে তাঁরা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন। দুপুর সাড়ে ১২টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়। পরে কলেজ ক্যাম্পাসে কলেজ পরিচালনা পর্ষদের সদস্য রেজাউল করিম বয়াতির সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন কলেজের শিক্ষক আলী আকবর মিয়া, নিহত কেয়ামণির বোন মুক্তা খানম, মামা এইচ এম মুসা, শিক্ষার্থী শহীদুল ইসলাম, সুমি আক্তার, সিমু খানম প্রমুখ।গত রোববার ঢাকার ভাড়া বাসায় কেয়ামণি খুন হন।