ব্লগার অভিজিৎ রায়ের হত্যাকারীদের খুঁজে বের করতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে স্বাগত জানিয়ে সে দেশের কেন্দ্রীয় তদন্ত ব্যুরোকে (এফবিআই) যুক্ত করার ব্যাপারে সম্মত হয়েছে বাংলাদেশ সরকার।
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী গতকাল রোববার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক নিয়মিত ব্রিফিংয়ে বিদেশি কূটনীতিকদের এ কথা জানান। যা পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
এদিকে গত চার দিনেও যুক্তরাষ্ট্রপ্রবাসী প্রকৌশলী ও লেখক অভিজিতের ঘাতকদের কাউকে গ্রেপ্তার করতে না পারায় অভিজিতের স্বজনেরা হতাশা ব্যক্ত করেছেন। অভিজিতের ছোট ভাই অরিজিতের স্ত্রী কেয়া বর্মণ প্রথম আলোকে বলেন, অভিজিৎকে হত্যার পর পরিবারকে হুমকি দেওয়ার বিষয়টি পুলিশকে জানানো হলেও তাদের নিরাপত্তায় কোনো ব্যবস্থা নিচ্ছে না।
অবশ্য মামলা তদন্তকারী সংস্থা গোয়েন্দা পুলিশের (ডিবি) কর্মকর্তারা বলছেন, তাঁরা হত্যাকারীদের চিহ্নিত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছেন। এর মধ্যে সন্দেহভাজন হিসেবে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য ও ব্লগার রাজীব হত্যার আসামি রেদেয়ানুল আজাদ ও তাঁর কয়েকজন সহযোগীকে গ্রেপ্তারে ডিবি তৎপর রয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলের কাছাকাছি কোনো ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসি) নেই। ঘটনাস্থল থেকে কয়েক শ গজ দূরে একুশে বইমেলায় বসানো সিসি ক্যামেরা ছিল। সেখানকার সিসি ক্যামেরার কিছু ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তা পর্যালোচনা করে দেখা হচ্ছে যে অভিজিৎকে বইমেলায় কেউ অনুসরণ করেছিল কি না।
তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, অমর একুশে বইমেলায় অভিজিতের দুটি বই প্রকাশিত হয়েছে। ১৬ ফেব্রুয়ারি দেশে ফেরার পরদিন থেকে তিনি প্রতিদিন বইমেলায় যেতেন। এ সময় তাঁকে ঘাতকদের কেউ না কেউ অনুসরণ করেছিল বলে ধারণা করা হচ্ছে।
মামলার তদন্ত-তদারক কর্মকর্তা ডিবির উপকমিশনার (দক্ষিণ) কৃষ্ণপদ রায় গতকাল প্রথম আলোকে বলেন, ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে হাসপাতালে চিকিৎসাধীন অভিজিতের স্ত্রী রাফিদা আহমেদের বক্তব্য নেওয়া হয়েছে। ঘটনাস্থলের কাছ থেকে রাফিদার বিচ্ছিন্ন হওয়া বৃদ্ধাঙুলি উদ্ধার করা হলেও তা জোড়া লাগানো যায়নি।
অভিজিৎ (৪৩) গত বৃহস্পতিবার রাতে স্ত্রীকে নিয়ে বইমেলা থেকে ফেরার পথে আক্রান্ত হন। দুর্বৃত্তরা চাপাতি দিয়ে কুপিয়ে তাঁকে হত্যা করে। এ সময় তাঁর স্ত্রীকেও কুপিয়ে আহত করে।