ঘাতকদের ফাঁসির দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় চতুর্থ শ্রেণীর ছাত্রী তুলনা রানী দাসের (৯) হত্যাকাণ্ডের প্রতিবাদ ও ঘাতকদের ফাঁসির দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা সদরের ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী ও শিক্ষকেরা এ কর্মসূচি পালন করেন। এ ছাড়া এতে উপজেলা হিন্দু যুবসমাজের কর্মীরাও যোগ দেন।
গত ২৩ এপ্রিল সকালে নিলখী গ্রামের ধানখেত থেকে আশ্রাফবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তুলনার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার হন সাহেবনগর গ্রামের দুই যুবক অহিদ মিয়া ও ফারুক মিয়া। তাঁরা পরদিন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিচারিক হাকিম শাহিনা আক্তারের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে তুলনাকে হত্যা করার কথা স্বীকার করেন।
উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. মাইন উদ্দিন বলেন, তুলনা রানী দাসের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলে সমাজে এ ধরনের ঘটনা আর ঘটবে না।