ঘানি টানার ৩৫ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোরের আলো তখনো ফোটেনি। মোরগ ডাকছে। পাখপাখালির কিচিরমিচিরের সঙ্গে ক্যাঁ, ক্যাঁত্...ক্যাঁত্, ক্যাঁৎএকটা শব্দ ভেসে আসছে। পাখির ডাকের সঙ্গে ঘানি টানার ওই শব্দে ঘুম ভাঙে তেলিপাড়ার মানুষের।তেলিপাড়ার মানুষ জানে, আর কেউ না উঠলেও শেষ রাতে ঘুম থেকে উঠে সরিষা ভাঙার কাজে লেগে যান রেজিয়া বেগম। বয়স তাঁর ষাটের ঘর ছুঁই ছুঁই। ঘরে কোনো গরু নেই। তাই এই বয়সেও তেলের ঘানি টেনে চলেছেন তিনি ক্লান্তিহীন। ছেলেমেয়েরা যাঁর যাঁর মতো সংসার নিয়ে আলাদা থাকেন। পক্ষাঘাতগ্রস্ত স্বামীকে নিয়ে টিনের একটি ছাপরাঘরে থাকেন রেজিয়া। আরাজী ঢাঙ্গীপুকুর গ্রামে ওই ঘর আর ঘানিখানিই রেজিয়ার সম্বল। গ্রামটি ঠাকুরগাঁও সদর উপজেলায় পড়েছে।সম্প্রতি রেজিয়ার বাড়িতে গিয়ে দেখা যায় ছাপরাঘরের মাঝে তেলের ঘানি। একদিকে ঘানি ঘোরাচ্ছেন তিনি, অন্যদিকে সরিষা ভেঙে বের হচ্ছে ফোঁটা ফোঁটা তেল। জমা হচ্ছে একটি পাত্রে। পাত্রটি ভরার পর আরেকটি পাত্র এনে রাখছেন রেজিয়া। ঘরের একপাশে চৌকিতে শুয়ে আছেন মালুয়া মোহাম্মদ। রেজিয়ার স্বামী। বয়স তাঁর সত্তরের বেশি বই কম হবে না। সাত-আট বছর ধরে মানুষটা পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে আছেন, জানালেন রেজিয়া।একসময় তাঁর স্বামীর সহায়-সম্পত্তি ছিল বেশ। দেশ স্বাধীন হওয়ার পর সেই সম্পত্তি খুইয়ে বসেন। স্বামী যখন নিঃস্ব, তখন সংসারের হাল ধরেন তিনি। বাড়িতে ঘানি বসান। নিয়মিত তেল ভেঙে বিক্রি শুরু করেন। অভাব কাটতে না কাটতেই ঘানি টানার গরুটি মারা যায় একদিন। গরু কেনার টাকা নেই। বাধ্য হয়ে নিজেই শুরু করেন ঘানি টানার কাজ। সেই যে শুরু, আজও থামেনি সেই টানা। ‘৩৫ বছর ধরিয়া ঘানিখান টানি যাছু (চলেছি)।’ আফসোসের সুর রেজিয়ার কণ্ঠে। বয়স্কভাতা পান কি না, জানতে চাইলে দুদিকে মাথা নেড়ে বলেন, ‘ভেল্লাবার (কয়েকবার) মেম্বারেরথে গেছিনু, কার্ড পাওনি।’গড়েয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জয় চৌধুরী বলেন, ‘কঠোর পরিশ্রমী রেজিয়া অভাব-অনটনেও কারও কাছে হাত পাতেন না। তিনি নিজেই তেলের ঘানি টেনে সংসারের চাকা সচল রেখেছেন। ভবিষ্যতে তাঁকে বয়স্কভাতার আওতায় আনা হবে।’রেজিয়া জানান, স্থানীয় বাজারে তখন তেলকল ছিল না। প্রতিদিন আধা মণ সরিষা মাড়াই করে তেল বের করতেন। এখন স্বাস্থ্য ভালো নেই। শরীরে কুলায় না। ঘানির তেলের কদরও কমে গেছে। দিনে চার-পাঁচ কেজি সরিষা ভাঙতে পারেন এখন। তাতে তিন লিটার তেল হয় কোনোমতে। ২৪০ টাকা লিটার দরে সেই তেল বেক্রি করেন। খরচ বাদে প্রতিদিন ১৫০-২০০ টাকা থাকে। তবে আয়ের বড় একটা অংশ চলে যায় স্বামীর চিকিত্সা ও ওষুধের পেছনে। ‘ঘানি টানার এক্কান গরু থাকিলে শরীরখান শান্তি পাইত।’ বললেন রেজিয়া।রেজিয়ার তেলের নিয়মিত ক্রেতা মো. আসলাম জানান, ‘বাজারের তেল কম টাকায় মেলে। তবে ভেজাল থাকে। রেজিয়ার তেল বাজারের অন্য তেলের তুলনায় ভালো।’ গ্রামের বাসিন্দা শাহিনুর রহমান জানান, রেজিয়ার এক মেয়ে ও দুই ছেলে। মেয়ে স্বামীর সঙ্গে ঢাকায় থাকেন। দুই ছেলে বিয়ে করে পাশেই আলাদা থাকেন। ছোট ছেলে সিরাজুল বাবুর্চির সহকারী। তাঁর স্ত্রী রহিমা জানান, তাঁরা আলাদা খান। নিজেরাই চলতে পারেন না, শ্বশুর-শাশুড়িকে খাওয়াবেন কী!