ঘাপটি মেরে আছে ডলার প্রতারক চক্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ সদরসহ তিন উপজেলায় ডলার প্রতারক চক্র গড়ে উঠেছে। এই চক্রের সদস্যরা গত এক বছরে জেলায় কমপক্ষে ৩০টি প্রতারণার ঘটনা ঘটিয়েছে। চক্রটির সঙ্গে শতাধিক লোক জড়িত। চক্রটিকে ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একাধিকবার বিশেষ অভিযান চালিয়েছে। কিন্তু কোনো সুফল পাওয়া যায়নি। সরেজমিনে কিশোরগঞ্জ সদর, পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলায় দেখা গেছে, কয়েক বছর ধরে এমন প্রতারণা চলছে। সদর উপজেলার চৌদ্দশত, মারিয়া, পুলেরঘাট; পাকুন্দিয়ার কোদালিয়া, সুখিয়া এবং কটিয়াদী উপজেলার ধুলদিয়া, করগাঁও, বনগ্রাম ইউনিয়নগুলো এই অপরাধী চক্রের ‘অভয়াশ্রমে’ পরিণত হয়েছে। পুলিশ, গোয়েন্দা সংস্থা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ডলার প্রতারক চক্রের সদস্যরা দেশের বিভিন্ন এলাকায় তাদের নেটওয়ার্ক গড়ে তুলেছে। প্রতারক চক্রের অধীনে তাদের নিজস্ব দালাল রয়েছে। দালালদের তারা থাকা-খাওয়ার খরচ দিয়ে দেশের বিভিন্ন এলাকায় পাঠিয়ে দেয়। দালালেরা হোটেল বা বাসাবাড়িতে কাজ নেয়। তারা সার্বক্ষণিক চক্রের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলে। দালালদের কাজ মক্কেল সংগ্রহ করা। দালালেরা মক্কেলদের সঙ্গে প্রথমে পরিচিত হয়। সম্পর্ক সৃষ্টির মাধ্যমে বিশ্বাস ও আস্থা অর্জন করে। পরে চক্রের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে দালালেরা এবং ফাঁদ পাতার পরিকল্পনা তৈরি করে। তখন মক্কেলকে দালাল বলে, গ্রামের বাড়িতে তার খালা, চাচি বা মামা ডলার চুরি করে এনেছে। গরিব খালা এগুলো বিক্রি করতে পারছে না। ‘আপনি (মক্কেল) কিনলে আমি যোগাযোগ করতে পারি। কম দামে ডলার কিনতে পারবেন।’ এমন কথা বলে মক্কেলকে লোভ দেখায় দালাল। একসময় মক্কেল দালালকে বিশ্বাস করে। তখন দালাল প্রতারক চক্রের সঙ্গে দিন-তারিখ ও স্থান নির্ধারণ করে মক্কেলকে এলাকায় নিয়ে আসে। পরে ডলারের একটি আসল নোট দেওয়া হয়। ওই নোট মক্কেল যাচাই করে দেখেন এবং এতে দালালের ওপর আরও বেশি আস্থা জন্মায় তাঁর। পরবর্তী সময়ে মক্কেল ফের বড় অঙ্কের টাকা নিয়ে প্রতারক চক্রের সঙ্গে যোগাযোগ করে এলাকায় আসেন। তবে শর্ত থাকে, এ ব্যাপারে কাউকে কিছু বলা যাবে না। ঠিকানামতো মক্কেল টাকা নিয়ে এলে এই চক্রের সদস্যরা ডলার না দিয়ে মক্কেলকে ভয়ভীতি দেখিয়ে মারধর করে নগদ টাকাসহ মূল্যবান মালামাল ছিনিয়ে নেয়। অনেক সময় যেন বুঝতে না পারে এ জন্য চক্রের সদস্যরা জাল ডলারের বান্ডেল দিয়ে মক্কেলকে বিদায় করে। গোপন সংবাদের ভিত্তিতে ১ মার্চ সন্ধ্যায় কিশোরগঞ্জের গোয়েন্দা পুলিশ কটিয়াদীর ধুলদিয়া ইউনিয়নের পুরুড়া বাজারে এক অভিযান চালায়। এ সময় সাত লাখেরও বেশি টাকা মূল্যের জাল ডলার উদ্ধার করা হয়। পুলিশ দুই ভুয়া ডলার ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। ৩ মার্চ কটিয়াদীতে আবারও অভিনব কায়দায় প্রতারণা করে জাল ডলার বিক্রির সময় থানার পুলিশ নগদ এক লাখ সাত হাজার টাকা, ৩০৬টি ১০০ ডলারের জাল নোটসহ চারজনকে গ্রেপ্তার করেছে। কিশোরগঞ্জের পুলিশ সুপার মীর রেজাউল আলম প্রথম আলোকে বলেন, ‘কয়েক বছর ধরেই চক্রটি অপকর্ম চালিয়ে যাচ্ছে। সম্প্রতি কয়েকটি ঘটনা ঘটার পর পুলিশ ও গোয়েন্দা পুলিশকে বিশেষ অভিযানে কাজ করতে পরামর্শ দিয়েছি।’