ঘাম ঝরিয়েছেন বিদ্রোহীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোথাও কোথাও প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থীরা দাঁড়াননি, কোথাওবা পরে সরে গেছেন। ফলে মাঠ প্রায় ফাঁকাই ছিল। তারপরও গোপালগঞ্জের অনেক ইউনিয়নে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখে পড়তে হয়েছে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীদের। এর মধ্যে একটিতে হারই মানতে হয়েছে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীকে।
দ্বিতীয় পর্বের নির্বাচনে গোপালগঞ্জের ৩১টির মধ্যে ২৬টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীদের অভিযোগ, প্রশাসন সহায়তা না করলে অনেক ইউনিয়নে তাঁরাই জিতে যেতেন।
সদর উপজেলার উরফি ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইকবাল হোসেন গাজী ৩ হাজার ১৭৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। এখানে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মনির গাজী ২ হাজার ৯৮৩ ভোট পান। মাত্র ১৯৫ ভোটের ব্যবধানে এই হারের জন্য মনির গাজী প্রশাসনকে দায়ী করেন। তিনি প্রথম আলোকে বলেন, প্রশাসন বিদ্রোহীকে সহায়তা করেছে। না হলে তিনিই বিজয়ী হতেন।
জালালাবাদ ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে মাত্র ১১১ ভোটে এগিয়ে থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের এম সুপারুল আলম। তিনি পেয়েছেন ৪ হাজার ১৭৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দলের বিদ্রোহী প্রার্থী হাসান নূরুল আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৬৩ ভোট। ওই ইউনিয়নের দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার ভোট গ্রহণের সময় দুপুর সাড়ে ১২টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় হাসান নূরুল ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ করেন সাংবাদিকদের কাছে।
সদর উপজেলার মাঝিগাতি ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী লাভলু সরদারকে ৪১১ ভোটে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের কাজী মনোয়ার হোসেন। ৩ হাজার ৪৯৯ ভোট পেয়েছেন মনোয়ার হোসেন। আনারস প্রতীক নিয়ে লাভলু সরদার পেয়েছেন ৩ হাজার ৮৮ ভোট। পাইককান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের এস এম শাহজাহানের বিপক্ষে দুজন বিদ্রোহী প্রার্থী ছিলেন।
এঁরা হলেন সাবেক চেয়ারম্যান ইউনুছ আলী মজুমদার ও মাহাতাব হোসেন চৌধুরী। শাহজাহান ৫ হাজার ৪০৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। দুই বিদ্রোহীর মধ্যে ইউনুছ আলী পেয়েছেন ২ হাজার ২৮৩ ভোট এবং মাহাতাব হোসেন পেয়েছেন ৭৯৬ ভোট। পাইককান্দি বহুমুখী উচ্চবিদ্যালয় কেন্দ্রে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ভোট গ্রহণের সময় সমর্থকদের মধ্যে সংঘর্ষে আধঘণ্টা ভোট গ্রহণ বন্ধ ছিল।
ইউনুছ আলী বলেন, ভোটের দিন চারটি কেন্দ্র থেকে তাঁর এজেন্টদের বের করে দেন শাহজাহানের লোকজন। ভোটারদের বলা হয়, নৌকার বাইরে সব রাজাকারের প্রতীক।
কোটালীপাড়া উপজেলায় ১০টি ইউনিয়নের মধ্যে নয়টিতে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচন থেকে সরে যান।
পিঞ্জরি ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আবু সাঈদ শিকদার আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তবে রামশীল ইউনিয়নে জেলা বিএনপির সাবেক সহসভাপতি রামানন্দ বৈদ্য চশমা প্রতীক নিয়ে নির্বাচন করেন। এই ইউনিয়নের আওয়ামী লীগের খোকন বালা পেয়েছেন ৭ হাজার ৪৩৯ ভোট। রামানন্দ বৈদ্য পেয়েছেন ২ হাজার ৩৭২ ভোট। রামানন্দ বৈদ্য অভিযোগ করেন, ভোট ‘কাটছাঁট’ করা হয়েছে। আর ফল ঘোষণার সময় কারচুপি করা হয়েছে।
হস্তক্ষেপ না করার কারণে বিদ্রোহীর সঙ্গে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নির্বাচনী লড়াই হয়েছে বলে মনে করেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান। তিনি প্রথম আলোকে বলেন, এখানে নিরপেক্ষ নির্বাচন হয়েছে। বিদ্রোহীরাও আওয়ামী লীগের। বিজয়ীরাও তাঁর দলের। গোপালগঞ্জ আওয়ামী লীগের দুর্ভেদ্য ঘাঁটি।