ঘাম থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য 'স্মার্ট হাতঘড়ি'

কয় ধাপ হাঁটলেন, কতটুকু ক্যালরি ক্ষয় হলো আর আপনার হৃৎস্পন্দনের গতি কেমন—ইত্যাদি আজকাল স্মার্টফোনেই মাপা যায়। কিন্তু আণবিক পর্যায়ে আপনার শরীরের ভেতর কী ঘটছে তা সহজে জানার সুযোগ এত দিন ছিল না। যুক্তরাষ্ট্রের একদল গবেষক ও প্রকৌশলী এবার সে উপায়ও বের করেছেন।
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় (বার্কলে) এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওই গবেষকেরা আণবিক পর্যায়ে স্বাস্থ্যের গতিবিধি জানতে একটি নতুন যন্ত্র তৈরি করেছেন। এটি মানুষের ঘাম বিশ্লেষণ করে শারীরিক অবস্থার বিভিন্ন তথ্য দেবে। যন্ত্রটি হাতঘড়ির মতো।
এই ‘স্মার্ট হাতঘড়ি’ নমনীয় সংবেদী বা সেন্সর এবং মাইক্রোপ্রসেসরের সমন্বয়ে তৈরি। ত্বকের সংস্পর্শে থেকে এটি সোডিয়াম, গ্লুকোজ, পটাশিয়াম, ল্যাকটেটসহ ঘামের বিভিন্ন রাসায়নিক উপাদান পরীক্ষা-নিরীক্ষা করতে পারে। এসব উপাদান যাচাই করে মানুষের মাংসপেশির ক্লান্তি, শরীরের পানিশূন্যতা বা শরীরের তাপমাত্রার বিপজ্জনক হ্রাস-বৃদ্ধির তথ্য মেলে। যন্ত্রটি স্মার্টফোনের একটি অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিকভাবে তথ্য-উপাত্ত জানিয়ে দেওয়ার পাশাপাশি তা সংরক্ষণ করতে পারে।
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশল ও কম্পিউটারবিজ্ঞানের অধ্যাপক আলি জাভি বলেন, মানুষের ঘামে শারীরিক নানা তথ্য থাকে। সেগুলো বিশ্লেষণ করে শারীরিক অবস্থার তাৎক্ষণিক তথ্য পাওয়ার সুযোগ রয়েছে।
ঘাম থেকে স্বাস্থ্যতথ্য সংগ্রহের ওই ‘স্মার্ট হাতঘড়ি’ নিয়ে একটি গবেষণা প্রতিবেদন নেচার সাময়িকীতে গত বুধবার প্রকাশিত হয়েছে। মাদক সেবনের অভ্যাস বা কিছু রোগ নির্ণয়ের জন্য ঘাম পরীক্ষা করার পদ্ধতি ইতিমধ্যেই প্রচলিত। তবে সে জন্য ঘামের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে নিতে হয়। তাই ‘স্মার্ট হাতঘড়ির’ মতো হালকা ওজনের ও পরিধানযোগ্য সহজ যন্ত্রের সাহায্যে ঘাম পরীক্ষার অবিরত প্রক্রিয়া চালানোর ব্যাপারটি এ ক্ষেত্রে নিঃসন্দেহে বড় পরিবর্তন আনতে পারে বলে উল্লেখ করেছেন বিজ্ঞানীরা।
গবেষক দলটির সদস্য এবং শরীরচর্চা বিশেষজ্ঞ জর্জ ব্রুকস বলেন, প্রযুক্তির অগ্রগতির কারণে হয়তো একদিন সুচ না ফুটিয়েই শারীরিক অবস্থা নির্ণয়ের পদ্ধতি বের হবে।
সিনসিনাটি বিশ্ববিদ্যালয়ের গবেষক জ্যাসন হেইকেনফেল্ড ওই গবেষণায় যুক্ত ছিলেন না। তাঁর ভাষ্য, পরিধানযোগ্য যন্ত্রের বিকাশের ক্ষেত্রে এই ‘স্মার্ট হাতঘড়ি’ এক যুগান্তকারী পদক্ষেপ। একদিন এটি রোগীর রক্তে ওষুধের মাত্রা নির্ণয়ের কাজে ব্যবহৃত হতে পারে। এতে প্রয়োজন অনুযায়ী তাঁর ওষুধের মাত্রা কমানো-বাড়ানো সহজ হবে।