ঘামে ভেজা সাফল্য ওদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পড়াশোনার খরচ জোগাতে মা-বাবার দিকে চেয়ে থাকতে হয়নি ওদের। উল্টো অর্থ উপার্জন করে সংসার চালিয়েছে ওরা। কেউ রাস্তায় মাটি কেটেছে, কেউ গৃহশিক্ষকতা করেছে, কেউ করেছে চটপটি বিক্রি ও টুপি বানানোর কাজ। এত সব করেও তারা পিছিয়ে পড়েনি। বরং ছিনিয়ে এনেছে সাফল্য। এবার এসএসসিতে পেয়েছে জিপিএ-৫। পাঠক, চলুন এমনই কয়েকজন অদম্য মেধাবীর জীবনের গল্প শুনি আজ। টুপি বানিয়ে পড়ার খরচ চালাত মুক্তা: ‘মায়ের সঙ্গে টুপি বানিয়ে বিক্রি করতাম। সেই টাকায় তিন ভাইবোনের লেখাপড়ার খরচ চলত। আমার লেখাপড়ার কোনো ক্ষতি যেন না হয়, সে জন্য মা আমাকে সব সময় অনুপ্রেরণা জুগিয়েছেন। বাবা তাঁতি। যা পান তা দিয়ে টেনেটুনে সংসার চলে।’ কথাগুলো সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার গাড়ামাসী-জিধুরী জে এস বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রী মুক্তা খাতুনের। এবার বাণিজ্য বিভাগ থেকে সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছে সে। তাদের বাড়ি বেলকুচির গাড়ামাসী গ্রামে। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চায় মুক্তা।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান জানান, মুক্তা ছোটবেলা থেকেই ভালো ছাত্রী ছিল। ক্লাসে সব সময় প্রথম হয়ে এসেছে। পঞ্চম ও অষ্টম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল সে। মেয়েটির স্মরণশক্তি ও উপস্থিত বুদ্ধি অত্যন্ত ভালো।রাস্তায় মাটি কাটত মিলন: মা অসুস্থ, রোজ তাঁর ২৫-৩০ টাকার ওষুধ লাগে। বাবাও বৃদ্ধ, অসুস্থ। তবু সংসারের তাগিদে তিনি ফেরি করে পান বেচেন। এতে দৈনিক ৭০-৮০ টাকা আয় হয়। তা দিয়ে সংসার চলে না। বাধ্য হয়ে মিলন হোসেন গাঁয়ের (গৌরীচন্না) রাস্তায় মাটি কাটার শ্রমিকের কাজ করত। এই করেই এবার সে বরগুনা সদর উপজেলার গৌরীচন্না নওয়াব সলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের কারিগরি শাখা থেকে জিপিএ-৫ পেয়েছে। কিন্তু ভালো ফলাফল যেন বোঝা হয়ে গেছে তার কাছে। কারণ, উচ্চশিক্ষার জন্য এত টাকা সে কোথায় পাবে। গৌরীচন্না নওয়াব সলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আলম বলেন, ‘বিদ্যালয়ের যে ১১ জন শিক্ষার্থী এবার জিপিএ-৫ পেয়েছে, তারা সবাই দরিদ্র পরিবারের সন্তান। এর মধ্যে মিলনদের অবস্থা খুবই খারাপ। সে নিজে কাজ করে পড়াশোনার খরচ জুগিয়েছে। আমরা ওকে বিনা টাকায় পড়িয়েছি।’সেলাইয়ের কাজ ও গৃহশিক্ষকতা করে সংসার চালাত মণি: ‘হেত নিজের গরজে লেহাপড়া করত। মাইনষের বাড়িতে সিলাইয়ের কাজ কইরা, টিউশনি কইরা যে টেহা পাইত, হেইডা দিয়া লেহাপড়া করত। অহন ভালা একটা কলেজে ভর্তি করাইতে পারলে মাইয়াডার ইচ্ছা পূরণ হইত।’ এক নিঃশ্বাসে কথাগুলো বললেন নরসিংদী সদর উপজেলার মাধবদী-ভগীরথপুর এলাকার মধু মিয়া। তাঁর মেয়ে মণি আক্তার এবার ভগীরথপুর হাজি লালমিয়া মোল্লা উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। মধু মিয়ার মূল বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার উত্তর বাখননগরে। মাধবদী-ভগীরথপুর এলাকায় একটি ঘর ভাড়া করে থাকেন। সংসারে তাঁর স্ত্রী ও চার মেয়ে। মণি বড়। মধু মিয়া অল্প বেতনে মাধবদীর অঙ্গশ্রী ডাইং অ্যান্ড ফিনিশিং কারখানায় কাপড়ে মাড় দেওয়ার কাজ করেন। তাঁর আয়ে সংসার চলে না। মেয়ে তাঁকে সাহায্য করে। চটপটি বেচত জাহিদ: আলী হোসেন গাজীপুরের কালিয়াকৈর বাজারে মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে প্রতিদিন চটপটি বিক্রি করেন। তাই দিয়ে চলে তাঁর সংসার। স্কুল ছুটির পর জাহিদ হাসানও চটপটি বিক্রি করত বাবার সঙ্গে। শুধু তা-ই নয়, গৃহশিক্ষকতার কাজও করত জাহিদ। যে টাকা পেত সেটা তুলে দিত বাবা-মায়ের হাতে। এবার সে কালিয়াকৈর গোলাম নবী পাইলট উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। তাদের বাড়ি উপজেলার চাপাইর গ্রামে।আলী হোসেন বলেন, ‘ছেলের জন্য না হয় আরও বেশি কষ্ট করব। তবু ছেলেকে ইঞ্জিনিয়ার বানাব।’ গোলাম নবী পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আলকাছ উদ্দিন জানান, জাহিদ দরিদ্র পরিবারের ছেলে। এবার তার একটা ভালো কলেজে ভর্তি হওয়া খুবই জরুরি।[প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন এনামুল হক, সিরাজগঞ্জ; এম জসীম উদ্দিন, বরগুনা; মনিরুজ্জামান, নরসিংদী; মাসুদ রানা, কালিয়াকৈর (গাজীপুর)]