চাঁপাইনবাবগঞ্জ সদর ও নাচোল উপজেলার বরেন্দ্র অঞ্চলে ঘাসফড়িংয়ের (কারেন্ট পোকা) আক্রমণে সুগন্ধি জাতের (আতপ) ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। আশানুরূপ ফলন না হওয়ায় বিপাকে পড়েছেন চাষিরা।
এদিকে বগুড়ার কাহালু উপজেলায় ঘাসফড়িং দমনের লক্ষ্যে কৃষকেরা বিলে বিলে আমন ধানের নাড়া (গোড়াসহ) পুড়িয়ে ফেলার কাজে ব্যস্ত সময় পার করছেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কুচলাপাড়া মৌজা, নাচোলের বরেন্দ্রা ও বেনিপুরের আট-নয়জন চাষি জানান, কারেন্ট পোকার আক্রমণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কুচলাপাড়ার চাষি আনোয়ার হোসেন বলেন, আশা করা হয়েছিল, ধানের ফলন বিঘা প্রতি আট থেকে দশ মণ হবে। কিন্তু এখন দুই-তিন মণের বেশি ধান হবে না। কাটতে যে পরিমাণ ধান মজুরি হিসেবে দিতে হয়, ফলন কম হওয়ায় তা দেওয়ার পর চাষিদের হাতে আর কিছুই থাকবে না।
বরেন্দ্রা গ্রামের চাষি আনিসুর রহমান ও হাসান আলী জানান, পোকার আক্রমণে ফলন কম হওয়ায় কারও কারও জমির ধান কাটতে মজুরই পাওয়া যাচ্ছে না। তাই কেউ কেউ ধানের খেতে আগুন ধরিয়ে দিয়ে জমি পরিষ্কারও করেছেন।
তবে বেসরকারি সংস্থা বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজের (বারসিক) কর্মকর্তা অমিত সরকার জানান, ক্ষতিকর এসব পোকা দমনে কীটনাশক ব্যবহারে পরিবেশেরও বেশ ক্ষতি হয়েছে।
নাচোল উপজেলা কৃষি কর্মকর্তা জাহেদুল হক চৌধুরী বলেন, নাচোলের তিন হাজার ২৫০ হেক্টর জমিতে এবার সুগন্ধি ধানের চাষ হয়েছে। এ সব খেতে চার-পাঁচবার কীটনাশক দিয়েও পোকা দমন করা যায়নি। যেসব এলাকায় পোকার আক্রমণ হয় সেখানে একসঙ্গে সব জমিতে কীটনাশক না দিলে ফল পাওয়া যায় না। বিষয়টি পর্যবেক্ষণ করতে ধান গবেষণার কর্মকর্তারাও এসেছিলেন। তাঁরা বলেছেন, অতিরিক্ত কীটনাশক ব্যবহারে এ পোকার প্রাকৃতিক শত্রু পোকাগুলোও ধ্বংস হচ্ছে। কারেন্ট পোকা সম্পর্কে কৃষকদের সতর্ক করতে লিফলেট ও মসজিদের মাইকযোগে সতর্ক করা হয়েছে।
সুগন্ধি ধান-চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মশিউল করিম জানান, এবার জেলায় ৭৫ ভাগ জমির আতপ ধান পোকার আক্রমণে নষ্ট হয়েছে।
তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক সাইফুল ইসলাম বলেন, যেসব জমিতে দেরিতে সুগন্ধি ধানের চাষ হয়েছে সেসব জমিতেই পোকার আক্রমণ বেশি হয়েছে। তবে ক্ষতি খুব বেশি হয়নি।
গত বুধবার কাহালু উপজেলার কয়েকটি গ্রামে গিয়ে খেতের পর খেতে নাড়া পোড়ানোর কালো রঙের ছাই চোখে পড়ে। এ সময় উপজেলার মালিগাছা গ্রামের কৃষক মাহফুজার রহমান বলেন, ‘আগের বছরে ইরি ধান গাছত ক্যারেন্ট পোকা ল্যাগা খ্যাত নষ্ট হছে। পোকা লাগার সঙ্গে সঙ্গে কীটনাশক ওষুধ দিয়্যা পোকা ম্যারা পারিনি। এবার কৃষি স্যারের কথা শুনা ইরির ধানগাছত ক্যারেন্ট পোকার হাত থ্যাকা রক্ষা পাবার জন্যি লাড়া (নাড়া) পোড়ানার কাজ করিছি। হামাকের মাঠেত সব কৃষকই এ কাজ করিছে।’
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক এ এইচ এম বজলুর রশিদ নভেম্বর মাসের প্রথম সপ্তাহে এ কার্যক্রম উদ্বোধন করেন। কীটনাশক ব্যবহার না করে কৃষকদের সচেতনতা বাড়ানোর জন্য তিনি কাহালুর গ্রামে গ্রামে গিয়ে কৃষকদের এ কাজে উদ্বুদ্ধ করেন।
কাহালু উপজেলা কৃষি কর্মকর্তা ঝরনা বেগম বলেন, বাদামি গাছ ফড়িংয়ের ডিম ও অপ্রাপ্তবয়স্ক পোকা ধানগাছের অবশিষ্টাংশের মধ্যে লুকিয়ে থেকে বংশবিস্তার করে। পরে এগগুলো ধানগাছে আক্রমণ করে ফসল নষ্ট করে। এ ধরনের পোকামাকড় কীটনাশক ব্যবহার করে ধ্বংস করা যায় না। এতে ফসলের বড় ধরনের ক্ষতি হয়।