ঘিওরে উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের ঘিওর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জাসদের জেলা শাখার সাধারণ সম্পাদক আফজাল হোসেন খানের গ্রামের বাড়িতে মঙ্গলবার রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে ১০-১২ জন ডাকাত শোধঘাটা গ্রামের উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ঢোকে। বাড়িতে থাকা তাঁর বৃদ্ধ মাকে রামদার ভয় দেখিয়ে ঘরে থাকা তিন ভরি স্বর্ণালংকার ও পাঁচ হাজার টাকা নিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে গতকাল বুধবার বিকেলে জাসদের স্থানীয় নেতা-কর্মী ও এলাকাবাসী উপজেলা সদরের বিভিন্ন সড়কে বিক্ষোভ করেন। আফজাল হোসেন খান বলেন, ঘটনার রাতে তিনি মানিকগঞ্জ শহরের বাড়িতে ছিলেন। ওই রাতে গ্রামের বাড়িতে তাঁর মা ও ভাগনি ছাড়া কেউ ছিল না। ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ-উল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে কেউ লিখিত অভিযোগ করেননি।