মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের তারাইল গ্রামে বৃহস্পতিবার দিবাগত রাতে একটি মুদি দোকানসহ চার বাড়িতে ডাকাতি হয়েছে। এলাকাবাসী ও ডাকাতির শিকার পরিবারগুলো জানায়, ১৫ জনের একদল ডাকাত রাত সাড়ে ১২টার দিকে গ্রামের মো. শামীম হোসেনের বাড়িতে হানা দেয়। ডাকাতেরা ওই বাড়ি থেকে প্রায় এক হাজার টাকা ও আধাভরি স্বর্ণালংকার লুটে নিয়ে যায়। এরপর ডাকাতেরা গ্রামের বেড়িবাঁধ এলাকায় বাজু খানের মুদি দোকানে হানা দিয়ে টাকা ও সিগারেট লুট করে। রাত দেড়টার দিকে ডাকাতেরা গ্রামের ওয়াদুদ আনসারির বাড়িতে হানা দেয়। ডাকাতেরা সেখান থেকে পাঁচ ভরি স্বর্ণালংকার ও প্রায় এক লাখ টাকা লুটে নেয়। এরপর তারা প্রতিবেশী মান্নান আনসারির বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে পাঁচ ভরি স্বর্ণালংকার লুট করে। ডাকাতেরা মান্নান আনসারির প্রতিবেশী শাজাহানের বাড়িতেও হানা দেয়। সেখান থেকে তারা সাত ভরি স্বর্ণালংকার ও টাকা লুটে নেয়। পরে গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে ডাকাতদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। মান্নান আনসারি বলেন, হাফপ্যান্ট পরা ডাকাতদের সবারই বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে। তাদের হাতে দা ও ছোরা ছাড়াও দুটি কাটারাইফেল ছিল। মোফাজ্জল হোসেনের অভিযোগ, ঘিওর থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা নেয়নি। তবে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, ডাকাতির খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। গতকাল পর্যন্ত কেউ মামলা করতে থানায় আসেননি। যাত্রীবাহী বাসে ডাকাতি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হবুয়ারচালায় গত বৃহস্পতিবার রাতে একটি যাত্রীবাহী বাসে ডাকাতি হয়েছে। বাসটি কালিয়াকৈর সদর থেকে উপজেলার ফুলবাড়িয়ায় যাচ্ছিল।বাসযাত্রীরা জানান, রাত পৌনে নয়টার দিকে হবুয়ারচালার একটি নির্জন জায়গায় পৌঁছালে ১০-১২ জনের একদল ডাকাত সড়কের ওপর গাছ ফেলে বাসের গতিরোধ করে। পরে ডাকাতেরা যাত্রীদের অস্ত্রের মুখে তাদের কাছ থেকে টাকাসহ প্রায় অর্ধ লক্ষ টাকার মালামাল ছিনিয়ে নেয়। এ সময় যাত্রীরা বাধা দিলে ডাকাতেরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পাঁচ যাত্রীকে আহত করে। যাত্রীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতেরা পালিয়ে যায়। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।বাসযাত্রী ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হাকিম জানান, ডাকাতেরা তাঁর মুঠোফোন ও ছয় হাজার টাকা ছিনিয়ে নিয়েছে।কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান, এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ করেননি।