ঘিওরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক কলেজছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ছাত্রীর ভাই গত শনিবার রাতে থানায় মামলা করেছেন। পুলিশ ও ওই ছাত্রীর স্বজনদের ভাষ্যমতে, উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ওই ছাত্রী গত শনিবার সকালে কলেজে যায়। কিন্তু সন্ধ্যায়ও সে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে সন্ধ্যা সাতটার দিকে উপজেলার একটি গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়, কলেজে যাওয়া-আসার পথে উপজেলার বাইলজুরী গ্রামের সুজন (২০) ওই কলেজছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন। গত শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে কলেজ থেকে বাড়ি ফেরার পথে সুজন ও তাঁর অজ্ঞাতপরিচয় তিনজন সহযোগী তাকে একটি অটোরিকশায় উঠিয়ে শ্রীধরনগর গ্রামে নিয়ে যায়। এরপর একটি ভুট্টাখেতে নিয়ে সুজন ওই ছাত্রীকে ধর্ষণ করার সময় সে চিৎকার দেয়। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে সুজন ও তাঁর সহযোগীরা পালিয়ে যান। পরে পুলিশ ওই গ্রামের এক ব্যক্তির বাড়ি থেকে বিপর্যস্ত অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে।এ ঘটনায় রাতেই ওই ছাত্রীর ভাই সুজনসহ অজ্ঞাতপরিচয় আরও তিনজনকে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ঘিওর থানার উপপরিদর্শক (এসআই) মো. আলতাফ হোসেন বলেন, শনিবার রাতেই সুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার তাঁকে বিচারিক হাকিমের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।