ঘিওরে দরপত্র ছাড়া নলকূপ কেনাবেচার অভিযোগে গ্রেপ্তার ২
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় দরপত্র আহ্বান ছাড়াই গভীর নলকূপ কেনাবেচার অভিযোগে গত শনিবার রাতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ঘিওরের বানিয়াজুরী ইউনিয়নের কাগজোড় গ্রামের মো. রবিউল খান ও বানিয়াজুরী গ্রামের পলাশ রাজবংশী। জানা যায়, কৃষকদের সেচ সুবিধার্থে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ১৯৮৮ সালে ঘিওরের মৌহালী গ্রামে একটি গভীর নলকূপ স্থাপন করে। এর পর থেকে মৌহালী কৃষক সমবায় সমিতির লোকজন নলকূপটি পরিচালনা করছিলেন। তিন বছর আগে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হওয়ার পর বিদ্যুতের অভাবে পড়ে থেকে এটি অচল হয়ে পড়ে। সম্প্রতি স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও সমিতির কয়েকজন সদস্য ঢাকার একটি প্রতিষ্ঠানের কাছে দুই লাখ ২০ হাজার টাকায় নলকূপটি বিক্রি করেন। কৃষকেরা বলেন, নলকূপটির দাম কমপক্ষে ১০ লাখ টাকা। কিন্তু বিক্রি করা হলো নামমাত্র মূল্যে। এ বিষয়ে প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয় গতকাল।