ঘিওরে দরপত্র ছাড়াই গভীর নলকূপ বিক্রি
মানিকগঞ্জের ঘিওর উপজেলার মৌহালী গ্রামে বাংলাদেশ পল্লী উন্নয়ন সংস্থার (বিআরডিবি) একটি গভীর নলকূপ দরপত্র ছাড়াই বিক্রি করা হয়েছে। স্থানীয় কৃষক সমবায় সমিতির লোকজন ও প্রভাবশালী ব্যক্তিদের যোগসাজশে নলকূপটি বিক্রি করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।নিয়মানুযায়ী, সরকারি কোনো সরঞ্জামাদি বা মালামাল বিক্রি করতে দরপত্র আহ্বান করতে হবে। এরপর সর্বোচ্চ দরদাতার কাছে তা বিক্রি করতে হবে। অথচ নলকূপটি বিক্রির ক্ষেত্রে কোনো নিয়ম মানা হয়নি। বিআরডিবির উপজেলা কার্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কৃষকদের সেচকাজের সুবিধার্থে ১৯৮৮ সালে উপজেলার বরটিয়া ইউনিয়নের মোহালী মৌজায় গভীর নলকূপটি স্থাপন করা হয়। এর পর থেকে মৌহালী কৃষক সমবায় সমিতি সেটি পরিচালনা করে আসছিল। বছর তিনেক আগে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি হওয়ার পর এটি বন্ধ থাকে। এর পর থেকে স্থানীয় প্রভাবশালী ও সমবায় সমিতির লোকজন এটি বিক্রি করার চেষ্টা করে আসছিলেন।এলাকাবাসী জানান, উপজেলার বানিয়াজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সাহিত্যবিষয়ক সম্পাদক আইয়ুব আলীসহ স্থানীয় প্রভাবশালী কয়েকজনের ছত্রচ্ছায়ায় সমবায় সমিতির লোকজন নলকূপটি বিক্রি করে দেন। ঢাকার পোস্তগোলার ‘মা আয়রন স্টোর’ নামের একটি প্রতিষ্ঠান নলকূপটি কিনে নেয়।কৃষকেরা জানান, ট্রান্সফরমার চুরি হওয়ার পর বিদ্যুৎ-সমস্যার কারণে নলকূপটি অকেজো হয়ে পড়লেও সমিতির লোকজন ও বিআরডিবির কর্মকর্তারা এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেননি। অথচ বোরো মৌসুমে তাঁরা সেচসমস্যা ভোগ করেন। আশপাশে চার-পাঁচটি অগভীর নলকূপ দিয়ে সেচের পানি সরবরাহ করা হলেও এতে তাঁদের অতিরিক্ত খরচ হচ্ছে। গতকাল শনিবার সরেজমিনে দেখা যায়, মৌহালী গ্রামে পাঁচজন শ্রমিক নলকূপটির পাইপ ওঠানোর কাজে ব্যস্ত। এর পাশেই দাঁড়িয়ে ছিলেন ক্রেতা প্রতিষ্ঠানের দেখভালের দায়িত্বে থাকা মো. রবি ও আওয়ামী লীগের নেতা আইয়ুব আলী। জানতে চাইলে মো. রবি জানান, মৌহালী কৃষক সমবায় সমিতির মাধ্যমে দুই লাখ ২০ হাজার টাকায় নলকূপটি কেনা হয়েছে। সোনালী ব্যাংকে এই টাকা জমা দেওয়া হয়। কিন্তু তিনি টাকা জমা দেওয়ার কোনো কাগজপত্র দেখাতে পারেননি।কৃষকেরা অভিযোগ করেন, অন্তত ১০ লাখ টাকার নলকূপটি নামমাত্র মূল্যে বিক্রি করা হয়। এ ছাড়া নলকূপটির আশপাশে প্রভাবশালী ব্যক্তিদের স্বজনেরা অগভীর বসিয়ে সেচ-ব্যবসা করছেন।আওয়ামী লীগের নেতা আইয়ুব আলী বলেন, ‘কে বা কারা নলকূপ বিক্রি করেছে, তা আমার জানা নেই। আমি এখানে বেড়াতে এসেছি। এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’বিআরডিবির ঘিওর উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, বিষয়টি থানায় লিখিতভাবে জানানো হয়েছে। ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ-উল ইসলাম বলেন, গতকাল বিকেলে ঘটনাস্থল থেকে লোহার পাইপসহ নলকূপের অন্য মালামাল জব্দ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।