ঘিওরে ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ধলেশ্বরী নদীর বিভিন্ন স্থানে খননযন্ত্র (ড্রেজার) বসিয়ে অবৈধভাবে মাটি তোলা হচ্ছে। এতে সরকার রাজস্ব হারানোর পাশাপাশি নদীতীরবর্তী ফসলি জমি ও ঘরবাড়ি হুমকির মুখে পড়ছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকসহ স্থানীয় কয়েকজন ব্যবসায়ী দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি তুললেও তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।জেলা প্রশাসন থেকে জানা যায়, চলতি বাংলা বছরের জন্য ঘিওর উপজেলার ধলেশ্বরী নদীর কুস্তা বাইলজুরী এলাকায় বালুমহাল ইজারা দেয় জেলা প্রশাসন। প্রায় পাঁচ লাখ টাকায় জয় এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ওই বালুমহাল ইজারা পায়।ইজারাদার আবদুর রহমান জানান, জেলা প্রশাসনের কাছ থেকে ইজারা নিয়ে তিনি মাটি তুলছেন। কিন্তু স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে যন্ত্র দিয়ে নদীর ছয় থেকে সাতটি স্থানে মাটি তুলছেন। নিজে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকারও রাজস্ব হারাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।আবদুর রহমান অভিযোগ করে বলেন, স্থানীয় প্রশাসনকে উৎকোচ দিয়ে প্রভাবশালী ব্যক্তিরা অবৈধভাবে মাটি তুলছেন। লিখিত অভিযোগ দেওয়ার পরও প্রশাসন এ ব্যাপরে কোনো উদ্যোগ নিচ্ছে না।এলাকাবাসী ও ইজারাদার জানান, ধলেশ্বরী নদীর ঘিওর, কুস্তা, পূর্ব ঘিওর, বৈলট, শ্রীধরনগর ও জাবরা এলাকায় নদীতে যন্ত্র বসিয়ে অবৈধভাবে মাটি তোলা হচ্ছে। ঘিওর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাইফ ছানোয়ার, সাইদুর রহমান, ময়নাল হোসেন, কাউসার হোসেন, মো. লিটনসহ আরও কয়েকজন নদীর বিভিন্ন স্থানে যন্ত্র বসিয়ে মাটি তুলছেন। পাইপ দিয়ে মাটি এনে আশপাশের নিচু জায়গা ভরাট করে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে।ধলেশ্বরী নদীর কুস্তা ও পূর্ব ঘিওর এলাকায় গতকাল বুধবার দুপুরে গিয়ে যন্ত্র দিয়ে মাটি তুলতে দেখা যায়। ঘিওর এলাকায় নদীর তীরে চারটি যন্ত্র বসানো হয়েছে। পাইপের মাধ্যমে এসব মাটি কয়েক শ গজ দূরে রাখা হচ্ছে। আশপাশের বিভিন্ন স্থানের নিচু জায়গাও ভরাট করতে দেখা গেছে। পূর্ব ঘিওর এলাকায়ও একইভাবে যন্ত্র দিয়ে মাটি তোলা হচ্ছে।পূর্ব ঘিওর গ্রামের বাসিন্দা মহব্বত আলী জানান, নদীর পাশে তাঁর প্রায় ১২ বিঘা ফসলি জমি রয়েছে। যন্ত্র দিয়ে মাটি তোলার কারণে তাঁর জমি হুমকির মধ্যে পড়েছে। একাধিকবার নিষেধ করা হলেও মাটি তোলা বন্ধ হচ্ছে না।অভিযুক্ত ছানোয়ার জানান, ইজারাদারকে খাজনা দিয়েই বৈধভাবে তিনি মাটি তুলছেন। যন্ত্র বসানোর কোনো অনুমতি আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘নদী থেকে ড্রেজার দিয়ে মাটি তুলতে প্রশাসনের অনুমতি লাগে কি না, সেটা আমার জানা নেই।’ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মোহাম্মদ আলী বলেন, ‘নদী থেকে অবৈধভাবে বালু তোলা বন্ধ করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এলাকাবাসী অভিযোগ করায় সম্প্রতি অভিযান চালিয়ে কয়েকজনকে অর্থদণ্ড দিয়ে যন্ত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর উৎকোচের বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন।’