ঘিওরে নিখোঁজ হওয়ার দুই দিন পর শিশুর লাশ উদ্ধার
নিখোঁজ হওয়ার দুই দিন পর মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া গ্রাম থেকে গতকাল শুক্রবার জিহাদ হোসেন নামের দুই বছরের এক শিশুর লাশ পুলিশ উদ্ধার করেছে। জিহাদ ওই গ্রামের দিনমজুর জাকির হোসেনের ছেলে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুরে শিশুসন্তান জিহাদকে ঘরে রেখে মা সুবর্না বেগম বাড়ি থেকে প্রায় ৩০০-৪০০ গজ দূরে খালের পানিতে গোসল করতে যান। এ সময় বাড়িতে কেউ ছিল না। গোসল সেরে বাড়িতে এসে সন্তানকে দেখতে না পেয়ে তিনি খোঁজাখুঁজি করতে থাকেন। পরে সন্ধান না পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটির নানা সোনামুন্সি ঘিওর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে জিহাদের লাশ ওই খালের পাশের একটি ডোবার পানিতে ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। ঘিওর থানার উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম বলেন, শিশুটির মা খালের পানিতে গোসল করতে যাওয়ার সময় প্রায়ই শিশুটি তাঁর পেছনে পেছনে যেত। এ থেকে ধারণা করা হচ্ছে, বুধবারও মা সুবর্নার অজান্তে শিশুটি খালের পাড়ে যাওয়ার সময় ওই ডোবার পানিতে পড়ে যায়। এতে শিশুটির মৃত্যু হয়।