ঘিওরে নৌকার জমজমাট হাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের ঘিওরে ঐতিহ্যবাহী নৌকার হাট। মানিকগঞ্জ ছাড়াও আশপাশের জেলার লোকজনও নৌকা কিনতে এই হাটে আসেন। ছবিটি গত বুধবার সকালে তোলা l প্রথম আলো
মানিকগঞ্জের ঘিওরে ঐতিহ্যবাহী নৌকার হাট। মানিকগঞ্জ ছাড়াও আশপাশের জেলার লোকজনও নৌকা কিনতে এই হাটে আসেন। ছবিটি গত বুধবার সকালে তোলা l প্রথম আলো

মানিকগঞ্জে বর্ষাকালে চরাঞ্চল ও নিম্নাঞ্চলের মানুষের জীবন-জীবিকা আর চলাচল নৌকা ছাড়া যেন অনেকটাই অচল। এসব এলাকার মানুষের নিত্যপ্রয়োজনে শত বছর ধরে ঘিওর উপজেলা সদরের কেন্দ্রীয় ঈদগাহের মাঠে চলে আসছে ঐতিহ্যবাহী নৌকার হাট।

ব্যবসায়ীরা বলেন, মেহগনি, কড়ই, আম, চাম্বল, রেইনট্রি গাছের কাঠ দিয়ে তৈরি ডিঙি নৌকা মেলে এই হাটে। আকার ও মানভেদে প্রতিটি নৌকা দুই হাজার থেকে ছয় হাজার টাকায় বিক্রি হয়। জেলার প্রত্যন্ত অঞ্চল ছাড়াও আশপাশের টাঙ্গাইলের নাগরপুর, সিরাজগঞ্জের চৌহালী এবং রাজবাড়ীর গোয়ালন্দ থেকে ক্রেতারা এই হাটে আসেন নৌকা কিনতে।

জেলার দৌলতপুর, শিবালয়, হরিরামপুর ও ঘিওর উপজেলা পদ্মা, যমুনা, ধলেশ্বরী ও ইছামতী নদীবেষ্টিত। এ ছাড়া রয়েছে অসংখ্য খাল-বিল ও ডোবা-নালা। বর্ষার সময় এগুলো পানিতে থাকে টইটম্বুর। এসব উপজেলায় রয়েছে বিভিন্ন চরাঞ্চল ও নিম্নাঞ্চল। নদ-নদী থেকে যখন পানি উপচে পড়ে, তখন এসব চরাঞ্চল ও নিম্নাঞ্চলে রাস্তাঘাটে পানি উঠে পড়ে। তখন চলাচলের প্রধান বাহন এই নৌকা। এ ছাড়া কৃষিকাজ, গোখাদ্য, খেত থেকে সবজি ও ফসল সংগ্রহ করে বিক্রি, মাছ শিকার ও হাটবাজারে নিয়ে যাওয়া এবং খাল-বিল থেকে শাপলা তোলাসহ নানান প্রয়োজনে নৌকা অপরিহার্য। যুগ যুগ ধরে নৌকা এসব অঞ্চলের ঐতিহ্য বহন করে আসছে।

হাটে নৌকা কিনে বাড়ি ফিরছেন এক ক্রেতা l প্রথম আলো
হাটে নৌকা কিনে বাড়ি ফিরছেন এক ক্রেতা l প্রথম আলো

গত বুধবার সকালে হাটে গিয়ে দেখা গেল, বিভিন্ন আকৃতি ও কাঠের তৈরি নৌকার পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। সারি সারি করে রাখা এসব নৌকার নয়নাভিরাম দৃশ্য দেখে যে কারোরই মনে ঢেউ জাগবে। ঈদগাহের বিশাল মাঠে জায়গা না হওয়ায় পাশে কলেজের মাঠেরও অর্ধেকটা জুড়ে বসেছে এই হাট। সময় যতই গড়ায়, ক্রেতাদের পদচারণায় ততই মুখরিত হয়ে উঠছে পুরো হাট। ভোর থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন যানবাহন ও ইঞ্জিনচালিত ট্রলারে করে ব্যবসায়ীরা নৌকা নিয়ে হাটে আসেন। ঢাকার সাভারের নামাবাজার এলাকা থেকেও বিক্রির জন্য নৌকা আনা হয় এই হাটে।

৫০টি নৌকা নিয়ে হাটে এসেছেন জেলার দৌলতপুর উপজেলার খলসি ইউনিয়নের বেলদো গ্রামের গোবিন্দ রায়। দুপুর ১২টার দিকে হাটে কথা হলো তাঁর সঙ্গে। জানালেন, ঢাকার সাভারের নামাবাজার এলাকা থেকে নৌকাগুলো এনেছেন। সকাল থেকে এই সময়ের মধ্যে ২৮টি নৌকা বিক্রি করেছেন।

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ফয়েজপুর গ্রামের কারিগর মকবুল হোসেন ২০টি নৌকা নিয়ে হাটে এসেছেন। জানালেন, তিনি নিজে বানান এবং গ্রাম থেকে ঘুরে ঘুরে নৌকা কিনে বিক্রির জন্য হাটে আনেন। হাটে চাম্বলের নৌকা সবচেয়ে বেশি বিক্রি হয়। পানি বাড়লে নৌকার চাহিদা বেড়ে যায়, তখন দামও বাড়ে।

আকার ও কাঠের প্রকারভেদে একেক নৌকার একেক রকম দাম হয়ে থাকে। ব্যবসায়ীরা জানালেন, একটি ১০ হাতি নৌকা তৈরিতে একজনের সময় লাগে দুই দিন। কাঠ ও মজুরি মিলিয়ে খরচ পড়ে আড়াই হাজার থেকে তিন হাজার টাকা। হাটে সেই নৌকাটি বিক্রি হয় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকায়। হাটে সাধারণত ১০ ও ১১ হাতি নৌকার চাহিদাই বেশি।

ক্রেতাদের অনেককেই ঘুরে ঘুরে পছন্দের নৌকা কিনতে দেখা গেল। কেউ কেউ রিকশাভ্যান, নছিমন কিংবা ট্রলারে করে নৌকা সাজিয়ে নিয়ে যান দূর-দূরান্তে। সাত বছরের নাতি আবু সুফিয়ানকে নিয়ে নৌকা কিনতে হাটে এসেছেন দৌলতপুরের খলসি ইউনিয়নের বিষ্টপুর গ্রামের বৃদ্ধ এখলাছ মোল্লা। ৩ হাজার ৩০০ টাকায় ১০ হাতি নৌকা কিনেছেন। হাটের পাশেই ধলেশ্বরী নদীর ঘাট। বাড়ি যেতে নৌকাটি ট্রলারে তুলে বসে পড়েন তিনি। পাশে বসে মনের আনন্দে নৌকায় হাত রেখে বসে নাতি।

হাটের ইজারাদার আবদুল মতিন বলেন, শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী এই হাটে দূর-দূরান্ত থেকে ক্রেতারা নৌকা কিনতে আসেন। প্রতিটি বিক্রীত নৌকা থেকে ৪ শতাংশ হারে টোল আদায় করা হয়। বর্ষার সময় প্রতি হাটে ৪০০ থেকে ৫০০টি নৌকা ওঠে। এর মধ্যে ৩০০ থেকে ৩৫০টি নৌকা বিক্রি হয়ে থাকে।